

গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধিঃ
মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের দক্ষিণ শ্রীরামপুর গ্রামের সরদার বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে পুড়ে মারা গেছে ৩টি গরু। এছাড়া ঘরের আসবাবপত্র, খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় মালামাল পুড়ে গিয়ে কয়েকটি পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৫ মে ২০২৬) বিকেল আনুমানিক ৪টা ১৫ মিনিটে রাজৈর থানাধীন পাইকপাড়া ইউনিয়নের দক্ষিণ শ্রীরামপুর গ্রামের হান্নান সরদার (৫০), পিতা-মৃত আমিন সরদারের বসতঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের উৎপত্তি হতে পারে। আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই তা ভয়াবহ আকার ধারণ করে পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন প্রথমে নিজেদের উদ্যোগে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও আগুনের তীব্রতার কারণে তা সম্ভব হয়নি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে হান্নান সরদারের বসতঘর, গোয়ালঘর ও রান্নাঘরসহ মান্নান সরদার (৪৫), পিতা-মৃত আমিন সরদার এবং আরব আলী সরদার (৬০), পিতা-আক্তার উদ্দিন সরদারের বসতঘর, গোয়ালঘর ও রান্নাঘর মিলিয়ে মোট ৯টি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে ৩টি গরু পুড়ে মারা যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানান, আগুনে তাদের দীর্ঘদিনের সঞ্চয়, মূল্যবান আসবাবপত্র, কাপড়চোপড়, খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে গেছে। হঠাৎ এই দুর্ঘটনায় পরিবারগুলো মানবেতর জীবনযাপনের মুখে পড়েছে। এলাকাবাসী জানান, দ্রুত সরকারি সহায়তা না পেলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পক্ষে স্বাভাবিক জীবনে ফিরে আসা কঠিন হয়ে পড়বে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ত্রাণ ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন তারা।










