

মোঃ আরিফুর রহমান মামুন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দালাল নন, তারা এদেশের উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত মানবগোষ্ঠী-এই স্লোগান সামনে রেখে পটুয়াখালীর দুমকিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে সোমবার (১১ মে) সকাল ১০টায় দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই প্রতিবাদী কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া) দুমকি উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ সোহেল আকন। কর্মসূচিতে বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দিনরাত পরিশ্রম করে চিকিৎসাসেবা সচল রাখতে ভূমিকা রাখছেন। অথচ তাদের প্রায়ই কর্মক্ষেত্রে নানা প্রতিকূলতা ও অমর্যাদাকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়।মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন অপসোনিন ফার্মাসিউটিক্যালসের সাখাওয়াত রিপন, ইনসেপ্টার জাহিদুল ইসলাম, ওয়ান্ডারমেন্টের আরিফুর রহমান, স্কয়ারের রাসেল তালুকদার এবং পপুলারের শফিকুল ইসলাম ও কাজী কামাল। বক্তারা অবিলম্বে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার রাষ্ট্রীয় স্বীকৃতি, সামাজিক মর্যাদা নিশ্চিত এবং কর্মক্ষেত্রে হয়রানি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেন। কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ওষুধ কোম্পানিতে কর্মরত প্রতিনিধিরা অংশ নেন।










