

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৯নং দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ফজু মোল্লা স্টেশন এলাকায় নিখোঁজ হওয়ার একদিন পর রাজিব নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাজিব স্থানীয় অটোচালক মোস্তফা মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতের কোনো এক সময় অজ্ঞাত ব্যক্তিরা রাজিবকে তুলে নিয়ে যায়। পরিবারের সদস্যরা শিশুটিকে না পেয়ে রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালিয়েও তার সন্ধান পাননি।আজ সকালে ক্যাম্পেরহাট বাজারের পশ্চিম পাশে একটি বাগানের ভেতরে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোক, আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত সময়ের মধ্যে ঘটনার রহস্য উদঘাটন, জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।নৃশংস এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বাড়ছে। শিশু নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।










