কলকাতা

বরানগরে সায়ন্তিকা ব্যানার্জীর সমর্থনে তৃণমূলের বিশাল পথসভা।

সমরেশ রায় কলকাতা পশ্চিমবঙ্গঃ
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ১১৩ নম্বর বরানগর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জীর সমর্থনে অনুষ্ঠিত হলো বিশাল পথসভা ও প্রচার মিছিল। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে আলমবাজার মোড় থেকে শুরু হওয়া এই পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেজস্বী যাদব।অনুষ্ঠানের শুরুতে অতিথিদের উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানানো হয়। পরে বরানগরের বিভিন্ন ওয়ার্ড পরিক্রমা করে তৃণমূল সমর্থকরা জোড়াফুল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। মিছিলে উন্নয়ন, কন্যাশ্রী, যুবশ্রীসহ রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প তুলে ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পুনরায় সরকার গঠনের ডাক দেওয়া হয়।পথসভায় তৃণমূল নেতারা বলেন, বাংলার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় তৃণমূল কংগ্রেসকে আবারও জয়ী করতে হবে। এ সময় বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক স্লোগানও তোলা হয়।প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জী বলেন, গত দেড় বছরে তিনি এলাকার উন্নয়নে কাজ করেছেন এবং পুনরায় নির্বাচিত হলে অসমাপ্ত কাজগুলো দ্রুত সম্পন্ন করবেন। তিনি সকলকে শান্তিপূর্ণভাবে ভোট প্রদানের আহ্বান জানান। এ পথসভায় এলাকার বিভিন্ন কাউন্সিলর, তৃণমূল কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

Back to top button