

মোঃ নুরনবী, ঠাকুরগাঁও প্রতিনিধি:
পুষ্টি বৈষম্যের অবসান, গড়বো সমৃদ্ধ বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় এতিম শিশুদের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে উপজেলার বিভিন্ন এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে এ মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়। জাতীয় পুষ্টি সপ্তাহকে কেন্দ্র করে আয়োজিত এই উদ্যোগে সুবিধাবঞ্চিত এতিম শিশুদের স্বাস্থ্য সুরক্ষা ও পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পুষ্টিসমৃদ্ধ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাকিলা আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. আহাদুজ্জামান সজিব, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সাবেক সভাপতি জুলফিকার আলী শাহ্, সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী এবং স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার পেশ মোহাম্মদ সরকার লিল্লাহ বোর্ডিং ও এতিমখানায় ৮০টি এবং বালিয়াডাঙ্গী থানা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানায় ৪০টি পুষ্টিকর খাদ্য প্যাকেট বিতরণ করা হয়। প্রতিটি খাদ্য প্যাকেটে শিশুদের প্রয়োজনীয় পুষ্টির কথা বিবেচনা করে কলা, ডিম, খেজুর ও বিস্কুটসহ বিভিন্ন পুষ্টিগুণসমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করা হয়।আয়োজকরা জানান, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সুষম খাদ্যের গুরুত্ব অপরিসীম। বিশেষ করে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের পুষ্টি নিশ্চিত করতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জাতীয় পুষ্টি সপ্তাহের মূল লক্ষ্য হলো সমাজের সব স্তরের মানুষের মধ্যে পুষ্টি বিষয়ে সচেতনতা সৃষ্টি, অপুষ্টি দূরীকরণ এবং সুস্থ জাতি গঠন।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাকিলা আক্তার বলেন, জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে উপজেলায় বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পুষ্টি শিক্ষা, স্বাস্থ্যসেবা ও খাদ্য সচেতনতার মাধ্যমে শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। পুষ্টিকর খাদ্য বিতরণের পাশাপাশি আমরা পরিবারগুলোকে সুষম খাদ্যাভ্যাস গড়ে তুলতেও উদ্বুদ্ধ করছি। স্থানীয় সচেতন মহল এ ধরনের উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে বলেন, এতিম শিশুদের পাশে দাঁড়িয়ে তাদের পুষ্টি নিশ্চিত করার মাধ্যমে মানবিক দায়িত্ব পালনের পাশাপাশি একটি সুস্থ সমাজ বিনির্মাণের পথও সুগম হচ্ছে। জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বালিয়াডাঙ্গীতে গৃহীত এ কর্মসূচি জনস্বাস্থ্য উন্নয়ন, অপুষ্টি প্রতিরোধ এবং শিশুদের সুস্থ বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।










