

ডেক্স রিপোর্টঃ
চাঁদপুরের হাইমচর উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হাইমচর মডেল স্কুলের উদ্যোগে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি ২০২৬ ইং) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাস্টার মোঃ মুকবুল আহমদ-এর সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মাওলানা মোঃ হাফিজুর রহমান-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলার কৃতী সন্তান ও বিশিষ্ট প্রকৌশলী মোঃ সালাহ্ উদ্দীন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ ঈমান হোসেন গাজী, মাওলানা মোঃ আলী আকবর, মাস্টার মোঃ দেলোয়ার হোসেন এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সেক্রেটারি মোঃ আবুল কালাম।এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় সাংবাদিক, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক আমন্ত্রিত অতিথি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা করা হয়। এরপর স্কাউট সদস্যদের শৃঙ্খলাবদ্ধ প্রদর্শনী ও শিক্ষার্থীদের মনোমুগ্ধকর ডিসপ্লে পরিবেশনা উপস্থিত দর্শকদের দৃষ্টি কেড়ে নেয়।দিনব্যাপী আয়োজনে প্রথম পর্বে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দৌড়, চেয়ার খেলা, মোরগ লড়াই (মজার খেলা), প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে চেয়ারে বসা খেলা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে নানা ক্রীড়া ইভেন্টে প্রাণচাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরো মাঠজুড়ে।পরবর্তীতে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শিক্ষার্থীরা পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ ও নাত, নৃত্য, সংগীত, অভিনয় এবং যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের প্রতিভা তুলে ধরে। শিক্ষার্থীদের সাবলীল পরিবেশনা ও সৃজনশীল উপস্থাপনায় অভিভাবক ও দর্শকরা মুগ্ধ হন।অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পড়াশোনার পাশাপাশি এ ধরনের সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের নেতৃত্ব, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ গঠনে সহায়ক। তাঁরা হাইমচর মডেল স্কুলের সার্বিক অগ্রগতি কামনা করেন এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান। শেষ পর্বে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। আনন্দ, উচ্ছ্বাস ও উৎসবের মধ্য দিয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী এ আয়োজনের সফল সমাপ্তি ঘটে।অনুষ্ঠানটি শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং হাইমচর মডেল স্কুলের শিক্ষা ও সংস্কৃতিচর্চার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়।










