বিনোদন

হাইমচরে তারুণ্যের উৎসবে ক্রীড়া-সংস্কৃতি ও শীতবস্ত্র বিতরণ এবং সম্মাননার মিলনমেলা।

নিউজ প্রতিবেদন:
চাঁদপুরের হাইমচর উপজেলার ৬ নং চরভৈরবী ইউনিয়নে তারুণ্যের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের উৎসব–২০২৫ (সমৃদ্ধি কর্মসূচি) উপলক্ষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, শীতবস্ত্র বিতরণ, পুরস্কার বিতরণ ও সম্মাননা প্রদান–২০২৬। সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) চরভৈরবী উচ্চ বিদ্যালয় মাঠে এসডিএস-এর আয়োজনে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই এস এম পারভেজের পবিত্র কোরআন তেলাওয়াত, হিন্দু ধর্মাবলম্বীদের গীতা পাঠ এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সূচনা করা হয়। এতে ধর্মীয় সম্প্রীতি, জাতীয় চেতনা ও তারুণ্যের ইতিবাচক শক্তির সুন্দর প্রতিফলন ঘটে।চরভৈরবী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মফিজুর রহমান (বাবুল) মাস্টারের সভাপতিত্বে এবং এসডিএস হাইমচর উপজেলা শাখার সমন্বয়কারী মোঃ সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ক্রীড়া ও সংস্কৃতি চর্চা তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রেখে সুস্থ ও মননশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মানছুর আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আজহারুল ইসলাম চৌধুরী এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সার্জিয়া আফরিন। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, তারুণ্যই দেশের সবচেয়ে বড় শক্তি। সঠিক দিকনির্দেশনা ও সুযোগ পেলে এই তরুণরাই আগামী দিনের নেতৃত্ব দেবে এবং দেশ ও জাতির উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে।অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, উদ্যোক্তা, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত থেকে পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া ইভেন্ট ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের দারুণভাবে মুগ্ধ করে। দেশ ও জাতির উন্নয়নের কথা বস্তুনিষ্ঠ ও সুন্দর লেখনীর মাধ্যমে পত্রিকায় তুলে ধরার স্বীকৃতি হিসেবে কৃতি সাংবাদিক হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় বিডি মেঘনা নিউজ ২৪-এর সম্পাদক এস এম পারভেজকে। এসময় অতিথিবৃন্দ তাঁর পেশাদারিত্ব ও সমাজের ইতিবাচক দিক তুলে ধরার ভূমিকার প্রশংসা করেন। এছাড়া কৃতি উদ্যোক্তা হিসেবে পুরস্কার লাভ করেন ৬ নং চরভৈরবী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ জসিম সরকার। স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি ও যুবসমাজকে স্বাবলম্বী করতে তাঁর অবদানের জন্য তাকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্বে ছিলেন মনির হোসেন। পুরো আয়োজন শৃঙ্খলাপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। শেষপর্বে আমন্ত্রিত অতিথি, উদ্যোক্তা, কৃতি সাংবাদিক এবং বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে তারুণ্যের উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। এ আয়োজন স্থানীয় পর্যায়ে শিক্ষার্থীদের মেধা বিকাশ, সামাজিক সম্প্রীতি এবং তরুণ উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।

এই বিভাগের আরও খবর

Back to top button