

কামরুজ্জামান নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ জেলার পোরশা উপজেলার ৪নং গাংগুরিয়া ইউনিয়নের বালিয়াচান্দা গ্রামের বাসিন্দা, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আবুবকর সিদ্দিক (৭০)–এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।আজ সন্ধ্যায় তার নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কার্যক্রম সম্পন্ন করা হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করা হয় এবং জাতির পক্ষ থেকে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। দাফন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইব্রাহিম মন্ডল, মোঃ তাইজুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি মোঃ ইউনুস আলী, মুক্তিযোদ্ধা সংসদের সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।অনুষ্ঠানে বক্তারা বীর মুক্তিযোদ্ধা আবুবকর সিদ্দিকের জীবনের স্মৃতিচারণ করেন। তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে তাঁর সাহসী ভূমিকা এবং পরবর্তী সময়ে জনপ্রতিনিধি হিসেবে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে তাঁর অবদান আজীবন স্মরণীয় হয়ে থাকবে। স্থানীয় এলাকাবাসী জানান, তিনি ছিলেন একজন সৎ, আদর্শবান ও জনবান্ধব নেতা। তাঁর মৃত্যুতে পোরশা উপজেলার মানুষ একজন অভিভাবকতুল্য ব্যক্তিত্বকে হারালো। শেষে রাষ্ট্রের পক্ষ থেকে তাঁর আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।










