

মোঃ মাসুম হোসেন যশোরঃ
যশোরে যৌতুক দাবির অভিযোগে এক পুলিশ কর্মকর্তা ও সেনা সদস্যের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) যশোর সদর আমলী আদালতে এ দুটি মামলা দায়ের করা হয়। আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ রহমত আলী আসামিদের প্রতি সমন জারি করেছেন। আসামিরা হলেন,নড়াইলের রূপগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই মোঃ সিরাজুল ইসলাম এবং চট্টগ্রামে কর্মরত সেনা সদস্য রাকিব মিয়া। এসআই সিরাজুল ইসলামের বাড়ি যশোর শহরতলীর ধর্মতলা কদমতলা হ্যাচারি পাড়ায়। অপরদিকে সেনা সদস্য রাকিব মিয়ার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার উত্তর সলুয়ায়। এসআই সিরাজুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছেন তার স্ত্রী মোছা. মর্জিনা খাতুন। অভিযোগে তিনি উল্লেখ করেন, ২০০৭ সালের ৯ জানুয়ারি তাদের বিয়ে হয়। সংসারে এক পুত্র ও এক কন্যার জন্ম হয়। বিয়ের পর স্বামীর জন্য পিতার কাছ থেকে আড়াই লাখ টাকা এনে দেন মর্জিনা খাতুন। পরবর্তীতে বাড়ি নির্মাণের জন্য আরও ২ লাখ টাকা যৌতুকের দাবি করেন সিরাজুল ইসলাম। কিন্তু তা না দেওয়ায় গত ১০ আগস্ট স্ত্রীকে সন্তানসহ মারধর করে ঘর থেকে বের করে দেন বলে অভিযোগে উল্লেখ আছে। অন্যদিকে সেনা সদস্য রাকিব মিয়ার বিরুদ্ধে মামলা করেছেন তার স্ত্রী সাহিনা আক্তার জীম। তিনি যশোর সদর উপজেলার এনায়েতপুর গ্রামের মোঃ সাখাওয়াৎ হোসেনের মেয়ে। মামলায় অভিযোগ করা হয়েছে, রাকিব মিয়া বিয়ের পর যৌতুক দাবি করে তার ওপর নির্যাতন চালাতেন।










