

চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় তাসনিমুল হাসান সাজিদ (১৫) নামের এক মাদ্রাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের পর হত্যার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ওই শিক্ষার্থীর বাবা মাঈনুদ্দিন আজাদ বাদী হয়ে গত ১ জুলাই চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন আদালতে দুজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। মামলার আসামিরা হলেন কক্সবাজারের পেকুয়ার বাসিন্দা নাছির উদ্দিন ও লোহাগাড়া সদরের সাতগড়িয়া পাড়ার বাসিন্দা আবুল হোসেন। নিহত সাজিদকে গত (২৪) জুন একটি পরিত্যক্ত জমিতে মৃত অবস্থায় পাওয়া যায়। মামলার বাদীর অভিযোগ, আবার লাশ উত্তোলন করে ময়নাতদন্ত করলে তার ছেলের সঠিক মৃত্যুর কারণ বের হয়ে আসবে। এই ব্যাপারে মামলার বাদী ও নিহত সাজিদের বাবা মাঈনুদ্দিন আজাদ বলেন,আমার ছেলের লাশ উত্তোলন করে ময়নাতদন্ত করার দাবি জানাই। এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক নাছির উদ্দিনের মোবাইলে যোগাযোগ করলে সেটি বন্ধ পাওয়া যায়। মামলার তদন্ত কর্মকর্তা লোহাগাড়ার চুনতি পুলিশ বিটের পরিদর্শক আব্বাস আলী বলেন,আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা লাশ উত্তোলন করে ময়নাতদন্ত করার পর এ ব্যাপারে বিস্তারিত বলতে পারব। বিষয়টি এখন প্রক্রিয়াধীন। তবে কোনো আসামিকে এখনো গ্রেপ্তার করতে পারিনি।










