

ইব্রাহিম হোসেনঃ
ভারতে চিকিৎসার উদ্দেশ্যে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশন পুলিশ রংপুরের তারাগঞ্জ উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আনিছুর রহমানকে (৫৩) আটক করেছে।আজ রোববার (২২ জুন) সন্ধ্যা ৬টার দিকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশকালে পাসপোর্ট যাচাইকালে তিনি গ্রেফতার হন। বেনাপোল ইমিগ্রেশন পুলিশ জানায়, পাসপোর্ট স্ক্যান করার পর ইমিগ্রেশন ডাটাবেজে আনিছুর রহমানকে একটি মামলার আসামি হিসেবে শনাক্ত করা হয়। গ্রেফতার আনিছুর রহমান রংপুর সদর উপজেলার ইকোরচালি গ্রামের আব্দুস সাত্তার মিয়ার ছেলে। ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস হোসেন মুন্সী বলেন, প্রাথমিক যাচাইয়ে দেখা যায়, আনিছুর রহমানের বিরুদ্ধে রংপুর কোতোয়ালী মেট্রো থানায় ২০২৪ সালের ২৭ নভেম্বর একটি মারামারির মামলা রয়েছে। গ্রেফতারের পর আনিছুর রহমানকে আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া জানান, রাজনীতিকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্দেশনা অনুযায়ী তাকে রংপুর কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে আনিছুর রহমান সাংবাদিকদের বলেন, আমি তিনবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমার বিরুদ্ধে মামলা রয়েছে, এটা আমার জানা ছিল না। ইমিগ্রেশন সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে পলাতক আসামি শনাক্তে ইমিগ্রেশন ও পুলিশের ডাটাবেজ সমন্বয় জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে গত কয়েক দিনে বেনাপোলে আরও চারজন মামলার আসামিদের গ্রেফতার করা হয়েছে।










