যশোর

যশোরে বউ বাজারে বাড়তি খাজনা আদায়ের প্রতিবাদে বাজার বন্ধ রেখে বিক্ষোভ ও পৌরসভা ঘেরাও।

মোঃ রফিকুল ইসলাম সবুজ যশোরঃ
যশোরের ঘোপ ধানপট্টি বউ বাজারে খাজনা দ্বিগুণ ও ইজারাদারের লোকজনের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে বাজার বন্ধ রেখে বিক্ষোভ ও পৌরসভা ঘেরাও করেছে স্থানীয় ব্যবসায়ীরা। আজ রোববার (১৫ জুন) সকালে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা বাজার বন্ধ রেখে বিক্ষোভ করেন এবং মিছিলসহ পৌরসভায় গিয়ে ঘেরাও কর্মসূচি পালন করেন। ব্যবসায়ীদের অভিযোগ,এতদিন প্রতিটি দোকান থেকে ২০ টাকা করে খাজনা নেয়া হতো যার ১০ টাকা যেত ইজারাদার ও ১০ টাকা বাজার ব্যবসায়ী সমিতির তহবিলে। কিন্তু সম্প্রতি ইজারাদারের ঘনিষ্ঠ রিপন নামের এক ব্যক্তি দোকানপ্রতি ৪০ টাকা খাজনা দাবি করেন। তার দাবি অনুযায়ী, ৩০ টাকা ইজারাদার এবং ১০ টাকা সমিতি পাবে। শুধু তাই নয়, বাজার সীমানার বাইরের ব্যক্তিগত দোকান থেকেও খাজনা আদায়ের চেষ্টা করা হচ্ছে, যা আগে কখনো করা হয়নি। ব্যবসায়ীরা অভিযোগ করেন, রিপন খাজনা না দিলে গায়ের ছাল থাকবে না বলে হুমকি দেন এবং তাদের সঙ্গে রূঢ় ও অবমাননাকর আচরণ করেন। বিষয়টি জানাতে ব্যবসায়ীরা পৌরসভায় গেলে পৌরপ্রশাসককে না পেয়ে প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার কুন্ডুর কাছে অভিযোগ জানান। সমাধানের আশ্বাস পেয়ে তারা পৌরসভা ত্যাগ করেন। প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার কুন্ডু বলেন, আমরা ব্যবসায়ীদের অভিযোগগুলো শুনেছি। আগামীকাল পৌরসভার পক্ষ থেকে বাজারে গিয়ে সমস্যা সমাধানের ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, এই ঘটনার পর ব্যবসায়ীরা বাজারে ফিরে গেলেও দোকান এখনও খুলেননি। এতে করে সাধারণ মানুষকে বাজার করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। অনেকেই বিকল্প হিসেবে বড়বাজারে গিয়ে কেনাকাটা করেছেন। এ বিষয়ে বাজারের ইজারাদার শ্রমিক নেতা আবু হাসান বলেন, পৌরসভা থেকেই ২৫-৩০ টাকা হারে খাজনা নির্ধারণ করা হয়েছে। এখানে তাদের কোনো হাত নেই। নিয়ম অনুযায়ী খাজনা আদায় করা হচ্ছে। তিনি বলেন, যারা একদিন বাজারের ইজারা নিয়েছিলেন তারা এবার না পেয়ে ব্যবসায়ীদের ব্যবহার করছেন। তিনি বলেন, রাজনৈতিক মহল এবং তার প্রতিপক্ষরা ইন্ধন দিয়ে অরাজক পরিস্থিতি তৈরি করছে।এদিকে, ব্যবসায়ীরা পূর্বের বাজার কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করেছেন। নতুন কমিটির সভাপতি হয়েছেন হেলাল আহম্মেদ সাগর, সাধারণ সম্পাদক মোর্শেদ আলী, সাংগঠনিক সম্পাদক মিলন ও দপ্তর সম্পাদক মনিরুজ্জামান জীবন।

এই বিভাগের আরও খবর

Back to top button