শিক্ষা

প্রাথমিক শিক্ষার উন্নতি না ঘটলে ভবিষ্যৎ ভালো হবে না- প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা।

মিন্টু শেখ নিজস্ব প্রতিবেদকঃ
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক শিক্ষা যথাযথ না হলে অদক্ষ লোক তৈরি হবে, সমাজের জঞ্জাল বাড়াবে। তাই প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে দায়িত্ব পালনে সংশ্লিষ্টদের ভূমিকা রাখতে হবে। প্রাথমিক শিক্ষার উন্নতি না ঘটলে আমাদের ভবিষ্যৎ কখনো ভালো হতে পারবে না। আজ রোববার বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে প্রাথমিক শিক্ষার উন্নয়নে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।বিধান রঞ্জন রায় পোদ্দার আরও বলেন, বিদ্যালয় পরিদর্শনের সময় বাচ্চা কতটুকু পারে সেদিকে নজর দেবেন। বাচ্চাটা পড়াশোনা পারে কিনা তার ওপর বেশি গুরুত্ব দেবেন। যদি কোনো বিদ্যালয়ের পারফরম্যান্স ভালো না হয়, আপনি কারণ দর্শানোর নোটিশ দেবেন স্কুলের শিক্ষক এবং সহকারী শিক্ষা কর্মকর্তাকে। একদম লিখিতভাবে কারণ দর্শাতে হবে। যদি শিক্ষার উন্নতি না ঘটে তাহলে শাস্তির ব্যবস্থা নেবেন। জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সম্রাট খীসা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা ও রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান খানসহ বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন। মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে কাকলী শিশু অঙ্গন পরিদর্শন করেন উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। সেখানে পরিদর্শন ও শিশু কানন উদ্বোধন করেন তিনি।

এই বিভাগের আরও খবর

Back to top button