

জয়নাল আবেদীন সজীব স্টাফ রিপোর্টারঝ
লক্ষ্মীপুর জেলার দাশেরহাট এলাকায় এক বিএনপি নেতার খামার থেকে গরু চুরি করে জবাই ও মাংস বিক্রির অভিযোগ উঠেছে যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি নিয়ে এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।অভিযোগ সূত্রে জানা যায়, পবিত্র শবে বরাত উপলক্ষে গত ২ ফেব্রুয়ারি গভীর রাতে কুশাখালী ইউনিয়নের পূর্ব কল্যাণপুর এলাকার কাশেম মিয়ার বাড়িতে অবস্থিত বিএনপি নেতা হারুনের ব্যক্তিগত খামার থেকে একটি গরু চুরি করা হয়। রাত আনুমানিক ২টার দিকে স্থানীয় যুবদল নেতা রহিম ও শহিদসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন সংঘবদ্ধভাবে খামার থেকে গরুটি চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।ভুক্তভোগীর দাবি, চুরির পর একই রাত আনুমানিক ৪টার দিকে চরশাহী ইউনিয়নের দাশেরহাট বাজারে গরুটি জবাই করা হয় এবং প্রকাশ্যে মাংস হিসেবে বিক্রি করা হয়। স্থানীয়দের অভিযোগ, বাজারে প্রতি কেজি মাংস ৯০০ টাকা দরে বিক্রি করা হয়েছে।ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এমন অপরাধের অভিযোগে এলাকাবাসী হতবাক ও উদ্বিগ্ন বলে জানান তারা। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারসহ স্থানীয় সচেতন মহল।এ বিষয়ে দাশেরহাট পুলিশ ইনচার্জের সঙ্গে কথা বললে তিনি জানান, এখনো পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দেন তিনি।
এদিকে এলাকাবাসীর দাবি, অভিযোগ দায়েরের আগেই পুলিশ প্রশাসনের নজরদারি বাড়িয়ে প্রকৃত দোষীদের দ্রুত চিহ্নিত করা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধ আর সংঘটিত না হয়।










