

মোঃ সেলিম রানা সৌদি আরব প্রতিনিধি:
ভুক্তভোগী প্রবাসীদের পাশে দাঁড়ানো, তাদের অধিকার ও মর্যাদা রক্ষা এবং দেশ-প্রবাসে মানবিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম’-এর ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। দীর্ঘ এক বছরের সাংগঠনিক প্রচেষ্টা এবং দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসী সহযোদ্ধাদের সহযোগিতায় সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি আত্মপ্রকাশ করেছে। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, বর্তমানে সংগঠনটির সদস্য সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। নবগঠিত কমিটিতে প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. সেলিম রানা (সৌদি আরব), প্রধান উপদেষ্টা আনোয়ার হোসেন (যুক্তরাজ্য), উপদেষ্টা এম এম হোসাইন ও সৈয়দ হাফিজুল মঈন (বাংলাদেশ), পরিচালক রিমন হোসেন (সৌদি আরব), উপ-সহকারী পরিচালক রাজিবুল করিম রোমিও (বাংলাদেশ), সভাপতি মো. মাসুম সরকার (দুবাই), সহ-সভাপতি মো. আবু বকর সিদ্দিক (বাংলাদেশ), সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম (দুবাই), সহ-সাধারণ সম্পাদক আবু সাইদ মোহাম্মদ গোলাম মওলা (সৌদি আরব) ও মো. মাসুদ রানা (সুমন) (বাংলাদেশ), যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম (সৌদি আরব), সিনিয়র আইন বিষয়ক সম্পাদক তন্ময় কুমার সাহা এবং আইন বিষয়ক সহ-সম্পাদক মোহাম্মদ আজিম উদ্দীন শিমুল দায়িত্ব পেয়েছেন। এছাড়া দেশ ও প্রবাসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. সেলিম রানা বলেন, দীর্ঘ এক বছরের প্রচেষ্টা ও সকল সহযোদ্ধার আন্তরিক সহযোগিতায় কার্যনির্বাহী কমিটি গঠন সম্ভব হয়েছে। প্রবাসীদের বিভিন্ন সমস্যা, প্রতারণা, হয়রানি ও সংকটে সহযোগিতার পাশাপাশি ভুক্তভোগীদের পাশে দাঁড়ানোই সংগঠনের অন্যতম প্রধান লক্ষ্য। তিনি বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদেশের মাটিতে নানা প্রতিকূলতার মধ্যেও প্রবাসীরা কঠোর পরিশ্রম করে দেশে রেমিট্যান্স পাঠাচ্ছেন। তাই তাদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় দেশ-প্রবাসের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কমিটির উপদেষ্টা সৈয়দ হাফিজুল মঈন নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। বিদেশে গিয়ে অনেকেই প্রতারণা, হয়রানি ও নানা জটিলতার শিকার হন। এসব সমস্যা মোকাবিলায় সচেতনতা, সহযোগিতা ও প্রয়োজনীয় আইনি সহায়তার পথ দেখানো জরুরি। তিনি জানান, সংগঠনের কার্যক্রমকে আরও নিয়মতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে ভবিষ্যতে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় নিবন্ধনসহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বিদেশে অবস্থানরত সদস্যরা সংশ্লিষ্ট দেশের আইন এবং বাংলাদেশে সংগঠনের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে দেশের প্রচলিত আইন মেনে চলবেন। দুবাই থেকে সংগঠনের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বলেন, দায়িত্ব পেয়ে তিনি আনন্দিত ও কৃতজ্ঞ। প্রবাসীদের অধিকার, কল্যাণ ও মর্যাদা রক্ষায় সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সংগঠনের কার্যক্রম সফল করতে দেশ-বিদেশের প্রবাসীদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন। সংগঠনের পরিচালক রিমন হোসেন বলেন, দীর্ঘ এক বছরের প্রচেষ্টায় সংগঠনটি একটি সুসংগঠিত কাঠামোর মধ্যে এসেছে। ভবিষ্যতে প্রতারণার শিকার প্রবাসীদের পাশে দাঁড়ানো, তাদের সমস্যার কথা শুনে সমাধানের পথ খোঁজা এবং প্রয়োজন অনুযায়ী সহযোগিতা করার উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও বলেন, প্রবাসীদের কর্মসংস্থান, সচেতনতা বৃদ্ধি, মানবিক সহায়তা এবং কল্যাণমূলক কর্মকাণ্ডের পাশাপাশি সংগঠনের কার্যক্রম ধীরে ধীরে দেশ ও প্রবাসের বিভিন্ন পর্যায়ে বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, প্রবাসীদের সমস্যা সমাধানে সহযোগিতা, প্রতারণা প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, প্রয়োজনীয় আইনি সহায়তার বিষয়ে দিকনির্দেশনা এবং রেমিট্যান্স যোদ্ধাদের যথাযথ মর্যাদা প্রতিষ্ঠায় তারা সম্মিলিতভাবে কাজ করবেন। তারা দেশ-বিদেশের প্রবাসী, মানবিক সংগঠন, সামাজিক ব্যক্তিত্ব ও সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করেছেন। তাদের প্রত্যাশা, সম্মিলিত প্রচেষ্টায় ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম’ ভবিষ্যতে প্রবাসীদের কল্যাণে একটি শক্তিশালী, মানবিক ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে।
