কুমিল্লা

অবুঝ সন্তানের কান্নায় ভারী শাহপুর: কিস্তি দিতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ গৃহবধূ ইতি রানী,উৎকণ্ঠায় পরিবার।

নিজস্ব প্রতিবেদকঃ
​ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের শাহপুর গ্রামে নেমে এসেছে গভীর উদ্বেগ ও শোকের ছায়া। কিস্তির টাকা পরিশোধ করতে বাড়ি থেকে বের হওয়ার পর রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন গৃহবধূ ইতি রানী সরকার। মায়ের অপেক্ষায় থাকা তার অবুঝ শিশু সন্তানের হৃদয়বিদারক কান্না আর পরিবারের সদস্যদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে শাহপুর গ্রামের পরিবেশ।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ জুলাই ২০২৬ (বুধবার) সকাল প্রায় ১১টার দিকে শাহপুর উত্তরপাড়ার বাসিন্দা স্বপন চন্দ্র সরকারের স্ত্রী ইতি রানী সরকার কিস্তির টাকা পরিশোধের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। নির্ধারিত কাজ শেষে দুপুর প্রায় ১২টার দিকে তাকে রতনপুর এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় উঠতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ওই সময় তার সঙ্গে একজন অজ্ঞাতপরিচয় নারী ছিলেন। এরপর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজের পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ থাকায় পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। আত্মীয়-স্বজন, পরিচিতজন এবং সম্ভাব্য বিভিন্ন স্থানে তন্নতন্ন করে খুঁজেও এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ ইতি রানীর স্বামী স্বপন চন্দ্র সরকার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার স্ত্রী নিখোঁজ হওয়ার পর থেকে আমাদের ছোট্ট মেয়েটা অবুঝের মতো সারাক্ষণ মায়ের জন্য কাঁদছে। আমি আমার স্ত্রীকে সুস্থ অবস্থায় ফিরে পেতে চাই। প্রশাসনের কাছে আমার আকুল আবেদন, আমার স্ত্রীকে উদ্ধারে আপনারা দয়া করে সহযোগিতা করুন। ইতি রানী সরকারের নিখোঁজের ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয় সচেতন মহল দ্রুত ঘটনাটির তদন্ত এবং নিখোঁজ গৃহবধূকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ও দ্রুত পদক্ষেপ প্রত্যাশা করেছে।সবার সহযোগিতা কাম্য
​ইতি রানী সরকারের অবস্থান সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে অনুগ্রহ করে দ্রুত নিকটস্থ থানায় অথবা নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে:📞 যোগাযোগ: 01631901717, 01410009905 একটি সঠিক তথ্য, একটি ফোনকল কিংবা আপনাদের সামান্য সহযোগিতা—ফিরিয়ে দিতে পারে এক অসহায় মাকে তার অবুঝ সন্তানের কোলে। মানবিক দায়িত্ববোধ থেকে সংবাদটি শেয়ার করে নিখোঁজ গৃহবধূর সন্ধান পেতে সহায়তা করার জন্য সকলের প্রতি বিনীত আহ্বান জানানো হচ্ছে।

এই বিভাগের আরও খবর

Back to top button