আত্মহত্যা

লক্ষ্মীপুরে গলায় ফাঁস দিয়ে মানসিক ভারসাম্যহীন গৃহবধূর মৃত্যু, থানায় অপমৃত্যুর মামলা।

মোঃ আকরাম হোসেন রায়পুরঃ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় গলায় ফাঁস দিয়ে কুলসুমা বেগম (২৫) নামে মানসিক ভারসাম্যহীন এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ৯ নম্বর উত্তর চর আবাবিল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঢালী বাড়ির বাসিন্দা এবং আনোয়ার হোসেনের স্ত্রী। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার (৭ জুলাই) সকালে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খাওয়ার পর আনোয়ার হোসেন ওষুধ কিনতে স্থানীয় একটি ফার্মেসিতে যান। এ সময় বাড়িতে একা থাকা কুলসুমা বেগমকে সকাল প্রায় ১১টার দিকে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। স্বজনরা দ্রুত তাকে নিচে নামিয়ে পাশের একটি ফার্মেসির চিকিৎসককে খবর দেন। ঘটনাস্থলে এসে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে বিষয়টি হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়িতে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করে। পরিবারের সদস্য ও স্থানীয়দের দাবি, কুলসুমা বেগম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। কয়েক দফা আত্মহত্যার চেষ্টাও করেছিলেন বলে পরিবারের সদস্যরা জানান। এ কারণে তাকে একাধিকবার চিকিৎসা দেওয়া হয় এবং কিছুদিন ঢাকার একটি মানসিক হাসপাতালে ভর্তি রেখেও চিকিৎসা করানো হয়েছিল। প্রতিবেশীরাও জানান, তিনি দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন এবং পরিবার তাকে নিয়ে উদ্বিগ্ন ছিল। স্থানীয় ইউপি চেয়ারম্যান জিকো হাওলাদার জানান, কুলসুমা বেগমের মানসিক অসুস্থতার বিষয়টি আগে থেকেই জানা ছিল। পরিবারও তাকে নিয়মিত চিকিৎসার আওতায় রাখার চেষ্টা করছিল। তবে সবার অগোচরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Back to top button