রাজশাহী

ডেঙ্গুমুক্ত রাজশাহী গড়তে জনসচেতনতার র‍্যালী বর্ষার আগেই মশক নিধনে বিশেষ অভিযান শুরু করবে রাসিক।

মোঃ আলাউদ্দীন মন্ডল, রাজশাহী প্রতিনিধি:
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং ডেঙ্গুমুক্ত রাজশাহী মহানগরী গড়ে তোলার লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) উদ্যোগে “ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনমূলক র‌্যালি-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) বেলা ১১টায় নগর ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালিটি শুরু হয়। র‌্যালিটি মহানগরীর দড়িখরবোনা মোড় ও কাদিরগঞ্জ এলাকা প্রদক্ষিণ করে পুনরায় নগর ভবন চত্বরে এসে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।র‌্যালি শেষে নগর ভবন চত্বরে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য প্রদান করেন রাসিক প্রশাসক। তিনি বলেন, ডেঙ্গু একটি মারাত্মক মশাবাহিত রোগ হলেও জনসচেতনতা, পরিচ্ছন্নতা এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এ রোগ প্রতিরোধ করা সম্ভব। নিজেদের পরিবার ও প্রিয় নগরীকে সুরক্ষিত রাখতে নগরবাসীকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।তিনি আরও বলেন, রাজশাহী সিটি কর্পোরেশন ইতোমধ্যে ডেঙ্গু প্রতিরোধে আগাম প্রস্তুতি গ্রহণ করেছে। ডেঙ্গুমুক্ত রাজশাহী মহানগরী গড়ে তুলতে প্রশাসনের প্রচেষ্টা অব্যাহত থাকবে। তবে সিটি কর্পোরেশনের কার্যক্রমের পাশাপাশি নগরবাসীকেও নিজ নিজ আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। মাহফুজুর রহমান রিটন জমে থাকা পানি দ্রুত অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, পরিচ্ছন্ন নগরী গঠন এবং নাগরিক সেবা নিশ্চিত করতে রাসিক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পূর্বে হাম-রুবেলা প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছিল। এবার ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। বর্ষা মৌসুম শুরুর আগেই দুই সপ্তাহব্যাপী ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম শুরু করা হবে।র‌্যালিতে অংশগ্রহণ করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ই-সাঈদ, ২৫ ও ২৮ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলরগণ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহীর সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাকসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী। এছাড়াও সিডিসি সদস্যবৃন্দ, ওয়ার্ড সচিব, স্বাস্থ্যকর্মী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং বিডিক্লিনের স্বেচ্ছাসেবকরা র‌্যালিতে অংশগ্রহণ করেন। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন নগরী গঠনের লক্ষ্যে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

এই বিভাগের আরও খবর

Back to top button