কৃষি

কৃষকের হাতে আধুনিক যন্ত্রপাতি, বদলে যাচ্ছে হাইমচরের কৃষি।

ডেক্স রিপোর্টঃ
কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় চাঁদপুরের হাইমচর উপজেলায় কৃষক গ্রুপের মাঝে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের মাঝে আধুনিক কৃষি যন্ত্রপাতি তুলে দেন সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি বলেন, বর্তমান সময়ে কৃষিকে লাভজনক ও টেকসই করতে আধুনিক প্রযুক্তির বিকল্প নেই। কৃষকের উৎপাদন খরচ কমিয়ে স্বল্প সময়ে অধিক ফলন নিশ্চিত করতে সরকার কৃষি খাতে নানা উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষকের হাতে আধুনিক যন্ত্রপাতি পৌঁছে দেওয়ার মাধ্যমে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, নদীভাঙন ও প্রাকৃতিক দুর্যোগপ্রবণ হাইমচরের কৃষকদের টিকে থাকতে হলে প্রযুক্তিনির্ভর কৃষির দিকে এগিয়ে যেতে হবে। আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারের ফলে জমি চাষ, বীজ রোপণ ও ফসল সংগ্রহের কাজ সহজ হবে এবং কৃষকের সময় ও শ্রম দুটোই সাশ্রয় হবে। এতে কৃষকদের উৎপাদন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি এলাকার খাদ্য নিরাপত্তাও আরও শক্তিশালী হবে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুন গাজী, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক বাবুল, ৩নং দক্ষিণ আলগী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বাশার মাঝি, সাধারণ সম্পাদক কামাল হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা। স্থানীয় কৃষকরা জানান, আধুনিক কৃষি যন্ত্রপাতি পাওয়ায় তাদের কৃষিকাজ অনেক সহজ হবে। শ্রমিক সংকট ও বাড়তি উৎপাদন ব্যয়ের কারণে কৃষকরা দীর্ঘদিন ধরে নানা সমস্যার মুখোমুখি হচ্ছিলেন। সরকারের এমন উদ্যোগ কৃষকদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে। এলাকাবাসীর মতে, কৃষিবান্ধব এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকলে হাইমচরের কৃষি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে এবং কৃষকদের জীবনমান আরও উন্নত হবে।

Back to top button