সংবাদ সম্মেলন

নদীর বাঁধ কাটার মিথ্যা অভিযোগের প্রতিবাদে হাইমচর প্রেসক্লাবে মনির হোসেন জুয়েলের সংবাদ সম্মেলন।

ডেক্স রিপোর্টঃ
চাঁদপুরের হাইমচর উপজেলার ৩নং দক্ষিণ আলগী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ মনির হোসেন জুয়েল গাজীর বিরুদ্ধে নদীর পাড় বাঁধ কেটে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক ও সামাজিকভাবে হয়রানির প্রতিবাদে হাইমচর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। হাইমচর প্রেসক্লাবের সভাপতি মোঃ মহাসিন মিয়া ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সহ প্রেসক্লাবের সকল সদস্যের উপস্থিতিতে বন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার হাইমচর প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে মনির হোসেন জুয়েল গাজী দাবি করেন, হাইমচর উপজেলার ৬নং চরভৈরবী ইউনিয়নের ১নং ওয়ার্ড গাজীনগর এলাকায় নদীর পাড় বাঁধ কেটে বালু উত্তোলনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি কুচক্রী মহল ব্যক্তিগত ও রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে তিনি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত রয়েছেন।স্থানীয়ভাবে তার জনপ্রিয়তা ও সামাজিক গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করতে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগ ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। তিনি দাবি করেন, নদী রক্ষা বাঁধ কাটা কিংবা অবৈধ বালু উত্তোলনের সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করা হোক। একইসঙ্গে মিথ্যা অভিযোগ ও অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। স্থানীয় সচেতন মহল বলছেন, নদী তীর রক্ষা বাঁধ কাটা কিংবা অবৈধভাবে বালু উত্তোলন দেশের প্রচলিত আইনে দণ্ডনীয় অপরাধ। তবে কাউকে ব্যক্তিগত আক্রোশে মিথ্যা অভিযোগে জড়িয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করাও আইনের দৃষ্টিতে অন্যায়। তাই যেকোনো অভিযোগের ক্ষেত্রে সঠিক তদন্ত ও প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ জরুরি বলে মনে করছেন তারা। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Back to top button