পটুয়াখালী

পবিপ্রবিতে হামলার ঘটনায় জেলা বিএনপির প্রতিবাদ।

মোঃ আরিফুর রহমান মামুন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)-এ আন্দোলনরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পটুয়াখালী জেলা বিএনপি। দলটির সভাপতি ও সাধারণ সম্পাদক এক যৌথ বিবৃতিতে এ ঘটনাকে “শিক্ষাঙ্গনে সন্ত্রাস ও আইনশৃঙ্খলার চরম অবনতি” বলে উল্লেখ করেছেন। বিবৃতিতে বলা হয়, উপাচার্য ড. কাজী রফিকুল ইসলামের অপসারণ দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষক ও কর্মকর্তাদের ওপর বহিরাগত দুর্বৃত্তদের অতর্কিত হামলা, লাঞ্ছনা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত উদ্বেগজনক। একটি বিশ্ববিদ্যালয়ে মতপ্রকাশের সাংবিধানিক অধিকার বাধাগ্রস্ত করে সহিংস পরিবেশ সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জেলা বিএনপি নেতৃবৃন্দ দাবি করেন, এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে ফৌজদারি আইনে মামলা গ্রহণ, গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। একইসঙ্গে আহত শিক্ষক-কর্মকর্তাদের সুচিকিৎসা নিশ্চিত এবং ঘটনার নিরপেক্ষ তদন্তে বিচার বিভাগীয় বা উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনেরও দাবি জানানো হয়। নেতৃবৃন্দ আরও বলেন, শিক্ষাঙ্গনে ভিন্নমত দমন, হামলা ও সন্ত্রাসের সংস্কৃতি অব্যাহত থাকলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবে। তাই প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে ক্যাম্পাসে নিরাপদ ও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান তারা।

এই বিভাগের আরও খবর

Back to top button