কুড়িগ্রাম

তেঁতুল গাছের মগডালে মিলল বৃদ্ধা নারীর খোঁজ।

শাজাহান খন্দকার কুড়িগ্রামঃ
কুড়িগ্রাম সদর উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায় নিখোঁজ এক বৃদ্ধাকে তেঁতুল গাছের মগডালে বসে ও শুয়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (৬ মে) সকাল থেকে ঘটনাটি ঘিরে উৎসুক জনতার ভিড় জমে এলাকায়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় তাকে জীবিত উদ্ধার করা হয়।জানা গেছে, উদ্ধার হওয়া বৃদ্ধার নাম সাজেদা বেগম (৬০)। তিনি ওই এলাকার মো. আবু সাঈদের স্ত্রী।পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আত্মীয়-স্বজন ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে বুধবার সকালে স্থানীয় কয়েকজন একটি বড় তেঁতুল গাছের মগডালে তাকে দেখতে পান। কখনো তিনি গাছের ডালে বসে ছিলেন, আবার কখনো শুয়ে ছিলেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের একটি দল। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (অ.দা) এনামুল হক। তিনি জানান, বৃদ্ধাকে নিরাপদে নামিয়ে আনার চেষ্টা চলছিল।তবে উদ্ধার কার্যক্রমের একপর্যায়ে হঠাৎ তিনি গাছ থেকে পাশের পুকুরে লাফ দেন। পরে স্থানীয়দের সহায়তায় দ্রুত তাকে পুকুর থেকে উদ্ধার করা হয়।স্থানীয়দের অনেকে জানান, বয়সজনিত মানসিক বিভ্রান্তি কিংবা অসুস্থতার কারণেই এমন ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। অনেকেই বৃদ্ধার নিরাপত্তা ও চিকিৎসার বিষয়ে পরিবারের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। অস্বাভাবিক এ ঘটনার ভিডিও ও ছবি ঘিরে নেটিজেনদের মধ্যেও নানা আলোচনা দেখা গেছে।তবে স্থানীয় সচেতন মহল বলছে, এমন পরিস্থিতিতে কৌতূহল না বাড়িয়ে পরিবারের পাশে দাঁড়ানো এবং মানসিক ও শারীরিকভাবে অসুস্থ ব্যক্তিদের প্রতি মানবিক আচরণ করাই সবচেয়ে জরুরি।

এই বিভাগের আরও খবর

Back to top button