
মোঃ মুক্তাদির হোসেন গাজীপুরঃ
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের সোমবাজার ঈদগা মাঠে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে শুরু হয়েছে ৫ দিনব্যাপী বর্ণিল বৈশাখী মেলা।পহেলা বৈশাখকে ঘিরে আয়োজিত এ মেলা স্থানীয় মানুষের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে।তুমলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব সিরাজ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একে এম ফজলুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার। মেলার সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা।নেশামুক্ত সমাজ চাই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত মেলাটির উদ্বোধন করেন প্রধান অতিথি ফজলুল হক মিলন। তিনি লাল ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন এবং পরে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় তিনি আগত দর্শনার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আনন্দঘন মুহূর্ত ভাগাভাগি করেন।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নতুন বছরের আগমনে পুরনো গ্লানি মুছে গিয়ে চারদিকে ছড়িয়ে পড়ুক নতুনের জয়গান। বাঙালির প্রাণের এই উৎসবে সবাইকে একসঙ্গে মিলিত হয়ে আনন্দ ভাগাভাগি করতে হবে। পাশাপাশি তিনি নেশামুক্ত সমাজ গড়ার ওপর গুরুত্বারোপ করে যুব সমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। তিনি বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার মাধ্যমে একটি সুস্থ, সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। মেলার আয়োজক কমিটির আহ্বায়ক মাসুদ রানা জানান, পহেলা বৈশাখ উপলক্ষে এ আয়োজনের মূল উদ্দেশ্য হলো সমাজে সম্প্রীতি জাগ্রত করা এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখা। তিনি বলেন, দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে এমন আয়োজনই পারে নতুন প্রজন্মকে সুস্থ ধারায় পরিচালিত করতে। তিনি আরও জানান, যুবকদের বিভিন্ন সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্পৃক্ত রাখলে তারা নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে। এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। বৈশাখী মেলাটি ঘিরে ইতোমধ্যে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।নানা বয়সী মানুষের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ পরিণত হয়েছে মিলনমেলায়। আয়োজকরা আশা করছেন, এ আয়োজন শুধু বিনোদন নয়, বরং সামাজিক সচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।










