নির্বাচন

বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে’র নতুন কমিটি গঠন: পুনরায় সভাপতি নাজিম, সম্পাদক মোমিন।

শহিদুল ইসলাম প্রতিবেদক:
যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম সামাজিক সংগঠন বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে’র এজিএম ও দ্বি-বার্ষিক সাধারণ সভা গত ৬ এপ্রিল সোমবার পূর্ব লন্ডনের একটি স্থানীয় রেস্টুরেন্টের হলরুমে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দুই পর্বে বিভক্ত এই সভার প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাজিম উদ্দিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল মোমিন বেলাল। শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইলিয়াছ আহমেদ। এরপর সভাপতি, সম্পাদক ও কোষাধ্যক্ষ তাদের বার্ষিক ও আর্থিক প্রতিবেদন উপস্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
সভায় বক্তারা সংগঠনের গত দুই বছরের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে মানবিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে প্রবাসে যেমন সুনাম অর্জন করেছে, তেমনি দেশের মানুষের কল্যাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সংগঠনটি বিশেষ করে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় অসহায় ও গৃহহীন পরিবারের জন্য ঘর নির্মাণ, সুপেয় পানির ব্যবস্থা, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ, দরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তা, শীতবস্ত্র বিতরণ এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা প্রদান করে আসছে। পাশাপাশি যুক্তরাজ্যেও নিয়মিত ইফতার মাহফিল, বার্ষিক বনভোজন, ক্রীড়া প্রতিযোগিতা এবং গুণীজনদের সম্মাননা প্রদানসহ নানা সামাজিক কার্যক্রম পরিচালনা করছে।দ্বিতীয় পর্বে সংগঠনের প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার শাহাব উদ্দিন পূর্ববর্তী কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেন। সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় এবং সদস্যদের সন্তুষ্টি বিবেচনায় নির্বাচন কমিশন সর্বসম্মতিক্রমে আগের নেতৃত্ব বহাল রাখার সিদ্ধান্ত নেয়।
ফলে টানা চতুর্থবারের মতো নাজিম উদ্দিন সভাপতি এবং আব্দুল মোমিন বেলাল সাধারণ সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হন। নতুন কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ। এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে হাসান পারভেজ রাসেল, সহ-সভাপতি ইলিয়াছ আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে আলিম উদ্দিন নির্বাচিত হন। সর্বমোট ৪৩ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শাহাব উদ্দিন, মামুনুর রশিদ ফয়সাল, এনাম হুসাইন, ইঞ্জিনিয়ার আব্দুল হান্নান, আছাদ উদ্দিন, ইউনুস মিয়া, সোহরাব হোসেন, বাবুল আহমেদ, শাহাবুদ্দিন আহমেদ, এমরান আহমেদ পান্না, নজমুল হোসেন, ব্যারিস্টার আব্দুল জব্বার, আম্বির হোসেন, ফয়সাল উদ্দিন ও জামিল হোসেনসহ সংগঠনের নেতৃবৃন্দ। সভায় বক্তারা নতুন কমিটির প্রতি আস্থা প্রকাশ করে ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে মানবিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। তারা বলেন, প্রবাসীদের সম্মিলিত উদ্যোগই দেশের মানুষের কল্যাণে বড় পরিবর্তন আনতে পারে।অনুষ্ঠানের শেষ পর্যায়ে নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান সংগঠনের উপদেষ্টা ও সদস্যরা। পরে নৈশভোজের মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এই বিভাগের আরও খবর

Back to top button