

শহিদুল ইসলাম নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসের ৫৫তম বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্যের নর্দাম্পটন বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ মার্চ রোববার বিশ্ববিদ্যালয়ের ওয়াটারসাইড ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করে নর্দাম্পটন ব্রিটিশ-বাংলাদেশি বিজনেস চেম্বার ও নর্দাম্পটন বিশ্ববিদ্যালয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ্যাম্পটনশায়ারের লর্ড-লেফটেন্যান্ট জেমস সন্ডার্স-ওয়াটসন। তিনি ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির অবদানের প্রশংসা করে বলেন, নর্দাম্পটনে প্রায় ১৫ হাজার বাংলাদেশির বসবাস এবং তারা ব্রিটেনের মূলধারায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের আয়োজনে অংশ নিতে পেরে তিনি আনন্দ প্রকাশ করেন।অনুষ্ঠানে নর্দাম্পটনের মেয়র কাউন্সিলর জেন বার্চ, লর্ড রামি রেঞ্জার, মুক্তিযোদ্ধা এম এ মালেক খানসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নর্দাম্পটন ব্রিটিশ-বাংলাদেশি বিজনেস চেম্বারের চেয়ার কাউন্সিলর নাজ ইসলাম বলেন, গত পাঁচ বছর ধরে যৌথভাবে এই কর্মসূচি পালিত হচ্ছে, যা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের গৌরবগাঁথা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। পতাকা উত্তোলনের পর বিশ্ববিদ্যালয়ের সেনেট ভবনে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ বছর কমিউনিটিতে বিশেষ অবদানের জন্য ১৭ জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়।সংগঠনের সেক্রেটারি মোহাম্মদ মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন বক্তা শুভেচ্ছা বক্তব্য দেন।পাশাপাশি পলিটিকা নিউজের প্রধান সম্পাদক তানভীর আহমেদের গ্রন্থনা ও পরিচালনায় ‘বাংলাদেশ: আ বার্থ অব আ নেশন’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা হয়।আয়োজকরা জানান, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ আয়োজনের মাধ্যমে ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটিকে সম্পৃক্ত করা হবে।










