

মোঃ রবিউল ইসলাম জামালপুর:
আসন্ন জামালপুরের মেলান্দহ উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে যেমন আলোচনা বাড়ছে, তেমনি সাধারণ মানুষের মাঝেও তৈরি হয়েছে নতুন প্রত্যাশা। উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও মতবিনিময় সভায় অংশ নিয়ে জানা গেছে—সর্বস্তরের জনগণের অনুরোধে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন মোঃ মনজুরুল কবির মঞ্জু। স্থানীয়দের ভাষ্য, ধর্ম-বর্ণ-দল-মত নির্বিশেষে একজন গ্রহণযোগ্য, সৎ ও কর্মঠ নেতৃত্বের প্রয়োজনীয়তা এখন সময়ের দাবি। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, কৃষি ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ খাতে সমন্বিত উন্নয়ন চান তারা। দীর্ঘদিন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন বলেও মনে করছেন অনেকে। সমর্থকদের মতে, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে একটি বৈষম্যহীন সমাজ গঠন জরুরি। তারা বলেন, শুধু প্রতিশ্রুতি নয়, আমরা চাই বাস্তব কাজের প্রমাণ। উন্নত শিক্ষা ব্যবস্থা, মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠন, আধুনিক অবকাঠামো নির্মাণ এবং তরুণদের কর্মসংস্থানের বিষয়ে সুস্পষ্ট উদ্যোগ প্রত্যাশা করছেন তারা। উপজেলার সচেতন মহল বলছে, মেলান্দহের কৃষিখাত, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা, নদীভিত্তিক অর্থনীতি ও স্থানীয় উদ্যোক্তাদের উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া গেলে অর্থনৈতিক অগ্রগতি সম্ভব। পাশাপাশি স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি জোরদার করলে মানুষের জীবনমান আরও উন্নত হবে। এ বিষয়ে মোঃ মনজুরুল কবির মঞ্জু গণমাধ্যমকে বলেন, জনগণের ভালোবাসা ও অনুরোধেই আমি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সবাইকে সঙ্গে নিয়ে মেলান্দহকে একটি আধুনিক, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ উপজেলায় রূপান্তর করতে চাই। তিনি সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।নির্বাচন ঘনিয়ে আসায় সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণা ইতোমধ্যে জোরদার হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটারদের প্রত্যাশা ও আস্থাই হবে এ নির্বাচনের মূল নিয়ামক। শেষ পর্যন্ত জনগণের রায়েই নির্ধারিত হবে, কে হচ্ছেন মেলান্দহ উপজেলা পরিষদের আগামী চেয়ারম্যান।










