

মোঃ মুক্তাদির হোসেন গাজীপুরঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৫ (কালীগঞ্জ, পুবাইল ও বাড়ীয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, সাবেক সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলনের পক্ষে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান।প্রধান অতিথির বক্তব্যে ড. আব্দুল মঈন খান বলেন,এবারের নির্বাচন শুধু জনপ্রতিনিধি নির্বাচনের নির্বাচন নয়, এটি হবে দেশ পুনর্গঠনের নির্বাচন। অতীতে সেনাশাসনের বিরুদ্ধে সংগ্রাম করে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যারা জীবনবাজি রেখে গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র ও সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন—তাদের সম্মুখ সারিতে ছিলেন এ কে এম ফজলুল হক মিলন। তিনি আরও বলেন,ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষ প্রতীকের প্রার্থী এ কে এম ফজলুল হক মিলনকে আগামী ১২ তারিখ ভোট দিয়ে সংসদে পাঠান। তিনি নির্বাচিত হলে এই সংসদীয় আসনের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন। কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হোসেন আরমান মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ হুমায়ুন কবির মাস্টার।উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, সদস্য আলমগীর হোসেন স্বপন এবং পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন—বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন, তাঁর সহধর্মিণী সম্পা হক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ওমর ফারুক শাফিন, গাজীপুর জেলা বিএনপির সদস্য মোঃ খায়রুল আহসান মিন্টু, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফী হাবিবুল্লাহ, সোলায়মান আলম, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফর রহমান, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফ নেওয়াজ চৌধুরী (শাওন), জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন মোল্লাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।










