

ডেক্স রিপোর্ট।
চাঁদপুরের হাইমচর উপজেলায় সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে টাকা আদায়ের চেষ্টা করার অভিযোগে এক প্রতারককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে হাইমচর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আলগী বাজারে অবস্থিত ‘লাভলি মেডিকেল হল’ নামের একটি ওষুধের দোকানে গিয়ে এক ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দেন। তিনি বিভিন্ন অজুহাত দেখিয়ে দোকান মালিকের কাছে ১ লক্ষ টাকা দাবি করেন। তার আচরণে সন্দেহ সৃষ্টি হলে উপস্থিত লোকজন বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেন।এক পর্যায়ে ওই ব্যক্তি দোকান থেকে ১১ হাজার টাকা নিয়ে চলে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা তাকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে তার কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ে এবং প্রতারণার বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। ঘটনাস্থল থেকে তাকে আটক করে হাইমচর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।পুলিশ জানায়, আটক ব্যক্তিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদের পরও তার প্রকৃত নাম-পরিচয় ও ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রতারণার সঙ্গে জড়িত অন্য কেউ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।এ বিষয়ে স্থানীয় সচেতন মহল বলছে, আইনশৃঙ্খলা বাহিনী বা সরকারি পরিচয় ব্যবহার করে প্রতারণার ঘটনা উদ্বেগজনক। তারা ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এবং সন্দেহজনক পরিস্থিতিতে দ্রুত প্রশাসনকে অবহিত করার পরামর্শ দিয়েছেন।হাইমচর থানা পুলিশ জানিয়েছে, ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।










