

ডেক্স রিপোর্টঝ
রাজধানীর কারওয়ান বাজার ঢাকা ওয়াসা ভবনের সামনে ফুটপাত দখল করে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি চলছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের দাবি-গত ০৫ আগস্টের পর থেকে প্রতিদিন দুই হাজার টাকা করে চাঁদা আদায় করছেন ফরহাদ, ইলিয়াস ও মিন্টু নামের তিন ব্যক্তি। তাদের বিরুদ্ধে এলাকাবাসী একাধিকবার ক্ষোভ প্রকাশ করলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে, অপরাধ দমনে মানবাধিকার সংস্থা (স্কফ)। সংগঠনের চেয়ারম্যান এস.এম. সামসুজ্জোহা তুহিন এক বিবৃতিতে বলেন,রাজধানীর কেন্দ্রস্থলে দিনের পর দিন চাঁদাবাজি চলতে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা এই চাঁদাবাজির সঙ্গে জড়িত, এবং যারা নেপথ্যে থেকে তাদের মদদ দিচ্ছেন-সকলকেই অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। বিবৃতিতে আরও সহমত প্রকাশ করেন স্কফ-এর ভাইস চেয়ারম্যান (২) শেখ রইস উদ্দিন সাকিব, ডিরেক্টর মোঃ ফিরোজ গাজী, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মোঃ রেজা, সদস্য মোঃ এবাদুল ও মোঃ সাগর। তারা জানান, চাঁদাবাজির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং নগর ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। মানবাধিকার সংগঠনটির নেতারা আরও বলেন, ফুটপাত দখল, চাঁদাবাজি ও অসামাজিক কর্মকাণ্ড দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ভূমিকা নিতে হবে। একই সঙ্গে যেসব প্রভাবশালী ব্যক্তি এসব চাঁদাবাজদের ছায়া দিয়ে থাকে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।এলাকার ব্যবসায়ী ও পথচারীরা আশা করছেন-মানবাধিকার সংগঠন এবং সচেতন নাগরিকদের দাবির পর এবার কার্যকর অভিযান পরিচালনা করবে আইনশৃঙ্খলা বাহিনী, এবং কারওয়ান বাজার ফুটপাত হবে চাঁদাবাজি ও দখলমুক্ত।








