নড়াইল

নড়াইলের কালিয়ায় জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৭ জন।

মোঃ রফিকুল ইসলাম সবুজঃ
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে একই বংশের দু’পক্ষের সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ জুন) সকালে উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের খাশিয়াল পশ্চিমপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়া উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল পশ্চিমপাড়া এলাকার মালেক মোল্যা ও দাউদ মোল্যা গ্রুপের মধ্যে একটি জমিকে কেন্দ্র করে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকালে দাউদ মোল্যার ছেলে আবুল বাশার বিরোধকৃত জমি থেকে বাঁশ কাটতে গেলে উভয়পক্ষে কথা কাটি হয়। পরবর্তীতে হামলা প্রতি হামলার ঘটনা ঘটে। এ সময় মালেক মোল্যা পক্ষের মালেক মোল্যা (৮৫) তার ছেলে রসুল মোল্যা (৬০) রমজান মোল্যা (২২) স্ত্রী রাজিয়া (৬৫) বেগম নাতি ঋতু খাতুন (২০) ও জান্নাতি খাতুন (১৫) আহত হয়।স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে মালেক মোল্যা, রসুল মোল্যা ও রমজান মোল্যাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়া একই ঘটনায় প্রতিপক্ষের দাউদ মোল্যার ছেলে আবুল বাশার (২৭) গুরুতর আহত হয়ে কালিয়া উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।এ বিষয়ে নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, একটি জমিকে কেন্দ্র করে একই বংশের দু’পক্ষ বিরোধের জেরে সকালে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ বিষয়ে কোনো পক্ষের লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Back to top button