অপরাধ

জামালপুরে গণঅধিকার পরিষদের নেতাকে মেরে ফেলার হুমকি।

মোঃ মোশারফ হোসেন সরকারঃ
জামালপুরে গণঅধিকার পরিষদ এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের প্রাণনাশের হুমকি এবং হামলার আশঙ্কায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন দলটির জেলা শাখার সভাপতি ইকবাল হোসেন। বৃহস্পতিবার (১৫ মে) রাতে জামালপুর সদর থানায় তিনি এই জিডি করেন। এতে আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত মোঃ রোকন মন্ডল ও তার সহযোগী মাহফুজুর রহমানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়।অভিযুক্ত মোঃ রোকন মন্ডল জামালপুর শহরের পাখালিয়ার এলাকার ইউসুফ আলীর ছেলে ও গণঅধিকার পরিষদের সহযোগী সংগঠন পেশাজীবী অধিকার পরিষদের জামালপুর জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক। জিডিতে উল্লেখ করা হয়, অভিযুক্ত রোকন মন্ডল ২০২১ সালে সংগঠনে যুক্ত হলেও পরবর্তীতে জানা যায়, তিনি জামালপুর পৌরসভার আওয়ামী লীগ সমর্থিত মেয়র সানোয়ার হোসেন সানুর নির্দেশে গুপ্তচর হিসেবে দলে প্রবেশ করেন এবং সংগঠনের অভ্যন্তরীণ তথ্য বাইরে ফাঁস করে দেন। এ কারণে ২০২২ সালে কেন্দ্রীয় সিদ্ধান্তে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। তবে বহিষ্কারের পরও রোকন মন্ডল ও তার সহযোগীরা নেতাকর্মীদের ফোনে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বারবার প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করা হয়। জিডিতে আরও উল্লেখ করা হয়, ২০২৩ সালে একটি আলোচনা সভায় রোকন মন্ডল ও মাহফুজুর রহমানের নেতৃত্বে ১২০ থেকে ১৫০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রসহ হামলার চেষ্টা করে। এছাড়াও, জেলা নির্বাচন অফিসে সংগঠনের নেতাকর্মীদের হত্যার পরিকল্পনার অভিযোগ রয়েছে, যা দলীয় কার্যক্রম ও নিবন্ধন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করেছে। বিষয়টি নিয়ে অভিযুক্ত মোঃ রোকন মন্ডলের সাথে যোগাযোগ করা হলে তিনাকে পাওয়া যায়নি। এ বিষয়ে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

Back to top button