অপরাধ

কালের কণ্ঠ পত্রিকার সাংবাদিককে মারামারির অভিযোগে ১০ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

নিজস্ব প্রতিবেদকঃ
সাতক্ষীরার তালা উপজেলায় দৈনিক কালের কণ্ঠ পত্রিকার প্রতিনিধি রোকনুজ্জামান টিপুকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল এই দণ্ড প্রদান করেন। ঘটনার সূত্রপাত মঙ্গলবার সকালে, যখন সাংবাদিক রোকনুজ্জামান টিপু তালা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের নির্মাণকাজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে তথ্য সংগ্রহ করতে যান। এ সময় দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী এম এম মামুন আলম তথ্য দিতে অস্বীকৃতি জানালে দুইজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়, যা পরে শারীরিক সংঘর্ষে রূপ নেয়। উপজেলা প্রকৌশলী এম এম মামুন আলম অভিযোগ করেন, সাংবাদিক টিপু তাকে অকস্মাৎ ঘুষি মারেন। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। ইউএনও শেখ মোঃ রাসেল ঘটনাস্থলে গিয়ে শ্রমিকসহ স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ করে ঘটনাটি যাচাই করেন এবং সরকারি কর্মচারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে সাংবাদিক টিপুকে ১০ দিনের কারাদণ্ড দেন। অন্যদিকে, সাংবাদিক রোকনুজ্জামান টিপু ঘটনার ভিন্ন বর্ণনা দেন। তিনি জানান, কাজের মান নিয়ে অনুসন্ধান করতে গেলে প্রকৌশলী তাকে হেনস্তা করেন এবং ছাতা দিয়ে আঘাত করেন। আত্মরক্ষায় ধস্তাধস্তির ঘটনা ঘটে বলে দাবি করেন তিনি। ঘটনার প্রতিক্রিয়ায় তালা প্রেসক্লাবের সভাপতি এম এম হাকিম ও সাধারণ সম্পাদক জোয়াদ্দার ফারুক হোসেনসহ স্থানীয় সাংবাদিক সমাজ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেন, সাংবাদিকরা দায়িত্ব পালনের সময় নিরাপত্তাহীনতায় ভুগলে স্বাধীন সংবাদমাধ্যম চরমভাবে বাধাগ্রস্ত হবে। এ বিষয়ে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সরকারি কর্মচারীর ওপর হামলা ফৌজদারি অপরাধ। স্বাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ঘটনা তালায় সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও তথ্য সংগ্রহের স্বাধীনতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। সাংবাদিক মহল এ বিষয়ে ন্যায়বিচার ও স্বাধীন অনুসন্ধান সাংবাদিকতার সুরক্ষার দাবি জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর

Back to top button