পটুয়াখালী

পটুয়াখালীর পবিপ্রবিতে ইএসডিএম ক্লাবের উদ্যোগে।

মোঃ আরিফুর রহমান মামুন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) সবুজচত্বরে যখন ভোরের আলো ছুঁয়ে যায় তরুণ মননকে, তখনই শুরু হয় নতুন কিছু শেখার অন্বেষা। ঠিক তেমনই এক জ্ঞানভিত্তিক আয়োজনের সাক্ষী হলো বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সেমিনার কক্ষটি।শুক্রবার, ১৬ মে ২০২৫ তারিখে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের অন্যতম সক্রিয় সংগঠন ESDM Club আয়োজন করে ISO 14001:2015 Awareness Training শীর্ষক একটি সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা। কর্মশালার মূল লক্ষ্য ছিল, পরিবেশ ব্যবস্থাপনা পদ্ধতি (Environmental Management System) সংক্রান্ত মৌলিক ধারণা, গুরুত্বপূর্ণ শব্দ এবং বাস্তব প্রয়োগ সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞান সমৃদ্ধ করা। সারা দিনের এ কর্মশালা যেন হয়ে উঠেছিল সচেতনতা, জ্ঞান, অভিজ্ঞতা ও আন্তরিকতার এক অপূর্ব সম্মিলন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। অনুষ্ঠানে পরিবেশ-সচেতনতার গুরুত্ব নিয়ে তিনি বলেন—আধুনিক পৃথিবীতে টেকসই উন্নয়ন সম্ভব তখনই, যখন আমরা পরিবেশ ব্যবস্থাপনাকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করব। ISO 14001-এর মতো আন্তর্জাতিক মানদণ্ড আমাদের চিন্তার জগতে নতুন মাত্রা যোগ করে। আমি গর্বিত যে আমাদের শিক্ষার্থীরা পরিবেশ সংক্রান্ত এমন গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতন হয়ে নিজেদের আগামীর জন্য প্রস্তুত করছে। এই উদ্যোগের মাধ্যমে তারা শুধু নিজেরাই নয়, সমাজকেও এগিয়ে নিতে পারবে। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান। তিনি পরিবেশ ব্যবস্থাপনায় তরুণদের ভূমিকার কথা উল্লেখ করে বলেন—প্রাকৃতিক দুর্যোগ ও পরিবেশগত সংকট এখন আর শুধু বিজ্ঞানীদের গবেষণার বিষয় নয়; এটি আমাদের নীতিনির্ধারণ, শিল্পায়ন এবং ব্যক্তিগত আচরণেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ESDM Club-এর এই প্রয়াস প্রশংসনীয়,যা আমাদের শিক্ষার্থীদের পরিবেশবান্ধব মানসিকতা গঠনে সহায়ক হবে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের সম্মানিত ডিন এবং ESDM Club-এর প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোঃ মহসিন হোসাইন খান। তাঁর নেতৃত্বে ESDM Club হয়ে উঠেছে শিক্ষার্থীদের পরিবেশ-সচেতনতামূলক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। দিনব্যাপী এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন— মীর আবু ফাত্তাহ মোঃ ইসা (AJABD Ltd., acting on behalf of CUBE TIC LTD.UK). শামসুল আলম (Head of Operation & Lead Auditor, AJABD Ltd.) তাঁদের সহজবোধ্য, বাস্তবমুখী ও ধারাবাহিক উপস্থাপনায় ISO 14001:2015-এর প্রতিটি বিষয়ের ব্যাখ্যা শিক্ষার্থীদের মনে আলোড়ন তোলে। পরিবেশ ব্যবস্থাপনা কীভাবে বাস্তব প্রতিষ্ঠানে প্রয়োগ হয়, কীভাবে এর মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা যায়—তা ব্যাখ্যার মাধ্যমে কর্মশালা আরও ফলপ্রসূ হয়ে ওঠে। অনুষ্ঠানে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের শিক্ষকরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছেন। তাঁদের উপস্থিতি ছিল অনুপ্রেরণার অন্যতম ভিত্তি।ESDM Club-এর সভাপতি আফিয়া তাহমিন জাহিন বলেন—এই ধরনের আয়োজন শুধু একাডেমিক দক্ষতা নয়, বরং শিক্ষার্থীদের ব্যক্তিগত ও পেশাগত পরিপক্বতাও বৃদ্ধি করে। আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক চাকরির বাজারে যেমন সুবিধা পাবে, তেমনি পরিবেশের প্রতি দায়িত্ববোধও গড়ে উঠবে। এই আয়োজনটি শুধুমাত্র একটি কর্মশালাই ছিল না; বরং এটি ছিল ভবিষ্যতের এক সবুজ, সচেতন সমাজ গঠনের ক্ষুদ্র অথচ দৃঢ় পদক্ষেপ। একদিকে যখন গ্রহজুড়ে উষ্ণতা বাড়ছে, অন্যদিকে এই তরুণদের পরিবেশ নিয়ে ভাবনার গভীরতা আশাবাদের আলো দেখায়।

এই বিভাগের আরও খবর

Back to top button