

সরিষাবাড়ি(জামালপুর)প্রতিনিধিঃ
জামালপুর সরিষাবাড়ী উপজেলায় যমুনা শাখা নদীর ওপর ২৭৮ দশমিক ৩০ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার সেতু নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) জামালপুর কার্যালয়ের উদ্যোগে ‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ (দ্বিতীয় পর্যায়)’ প্রকল্পের আওতায় সেতুটি নির্মাণ করা হচ্ছে। উপজেলার আরামনগর জিসি-ঘোড়ামারা বাজার সড়কের ১ হাজার মিটার চেইনেজে যমুনা শাখা নদীর ওপর এই অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রমজান আলী । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীম ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা,সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ ইকবাল হোসেন , উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া তমাল, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দুল আওয়াল এবং যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী লেকু,সাংগঠনিক সম্পাদক লাবিব হাসান তালুকদার লিটন ,সাতপোয়া ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম খুশু,পুগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশীদ ফকির সহ, উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাতপোয়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
সেতুটি নির্মাণ সম্পন্ন হলে সংশ্লিষ্ট এলাকার মানুষের দীর্ঘদিনের যাতায়াতের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি আরামনগর ও ঘোড়ামারা বাজারসংলগ্ন এলাকার সড়ক যোগাযোগ আরও সহজ হবে এবং কৃষিপণ্যসহ বিভিন্ন পণ্য পরিবহনে সময় ও শ্রম সাশ্রয় হবে। স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণেও সেতুটি ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের ।










