

নিজস্ব প্রতিবেদক, মোহনপুর (রাজশাহী):
বরেন্দ্র অঞ্চলের পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সাম্প্রতিক সময়ে বেড়ে চলা বজ্রপাতের ঝুঁকি কমাতে রাজশাহীর মোহনপুরে এক ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে উপজেলা আনসার ও ভিডিপি সদস্যদের উদ্যোগে ৫০০টি তালবীজসহ মোট ৫৬০টি বিভিন্ন প্রজাতির চারাগাছ রোপণ করা হয়েছে।বুধবার (২৩ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার ২ নম্বর ঘাসিগ্রাম ইউনিয়নের তুলসীক্ষেত্র ব্রিজসংলগ্ন সড়কের পাশে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। তালবীজের পাশাপাশি রোপণ করা অন্যান্য গাছের মধ্যে রয়েছে অর্জুন, জলপাই ও মেহগনি। বজ্রপাত প্রতিরোধে সচেতনতামূলক পদক্ষেপ।সংশ্লিষ্টরা জানান, দেশে দিন দিন বজ্রপাতে প্রাণহানির ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। মানুষের পাশাপাশি প্রতি বছর বজ্রপাতে মারা যাচ্ছে গবাদিপশু ও অন্যান্য প্রাণী। প্রকৃতিতে উঁচু ও শক্ত কাঠামোর তালগাছ বজ্রপাতের ঝুঁকি কমাতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করতে পারে—এমন সচেতনতা থেকেই এই তালবীজ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। কর্তৃপক্ষের বক্তব্য,উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. রাকিবুল হাসান পিভিএমএস বলেন,জেলা কমান্ড্যান্ট জনাব মো. জহুরুল ইসলাম বিভিএমএস-এর দিকনির্দেশনায় প্রকৃতি ও পরিবেশ রক্ষা এবং সর্বসাধারণের সুরক্ষায় বজ্রপাতের ঝুঁকি কমাতে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।কর্মসূচিতে যারা উপস্থিত ছিলেন।দিনব্যাপী আয়োজিত এ পরিবেশবান্ধব কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. শামিউল বাছির। এছাড়া তালবীজ সংগ্রহে গুরুত্বপূর্ণ সহযোগিতা করেন ৩ নম্বর রায়ঘাটি ইউনিয়ন দলনেতা মো. সামছুজ্জামান।এ সময় আরও উপস্থিত ছিলেন ২ নম্বর ঘাসিগ্রাম ইউনিয়ন ভিডিপি সদস্য মো. মেহেদী হাসানসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের ভাতাভোগী সদস্য-সদস্যারা। স্থানীয় সচেতন মহল আনসার ও ভিডিপির এই মহতী উদ্যোগকে অত্যন্ত সাধুবাদ জানিয়েছেন।










