

মোঃ রবিউল ইসলাম মিনাল গোদাগাড়ী প্রতিনিধিঃ
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ আগস্ট (মঙ্গলবার) রাজশাহী পুলিশ লাইন্স ড্রিল শেডে এ কর্মসূচির আয়োজন করা হয়। আগামী ৫ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ আশিক সাঈদ।রাজশাহী জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নাঈমুল হাছানের সভাপতিত্ব ও সার্বিক সমন্বয়ে কর্মসূচিটি পরিচালিত হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বলেন, সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে আমাদের সকলকে নিজ নিজ অবস্থান থেকে চারা রোপণ ও পরিচর্যায় এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে নানা প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। পরবর্তীতে পুলিশ লাইন্স প্রাঙ্গণে ডিআইজি মোঃ আশিক সাঈদ ও তাঁর সহধর্মিণী পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) রাজশাহী রেঞ্জ উপদেষ্টা মিসেস শামীম আরা হক এবং পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান ও তাঁর সহধর্মিণী জেলা পুনাক সভানেত্রী মিসেস তাপসী রাবেয়া আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেন। এ সময় রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এ.টি.এম. মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আক্তারসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।








