লক্ষ্মীপুর

ঝুঁকিতে রায়পুর-হাইমচর সংযোগ সড়ক, ধসে পড়ছে পুরাতন কালভার্ট।

ডেক্স রিপোর্টঃ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১ নম্বর উত্তর চর আবাবিল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে হায়দরগঞ্জ হয়ে হেয়াইন্না গো গোজা থেকে চাঁদপুরের হাইমচরে ওঠার গুরুত্বপূর্ণ সংযোগ সড়কের একটি পুরাতন কালভার্ট ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। কালভার্টটির একাংশ ইতোমধ্যে খালের পানিতে ধসে পড়েছে এবং অপর পাশেও বড় ধরনের ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। এতে প্রতিদিন এই সড়ক ব্যবহারকারী সাধারণ মানুষ, শিক্ষার্থী ও যানবাহন চালকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। স্থানীয়দের ভাষ্য, রায়পুর ও হাইমচরের মধ্যে যাতায়াতের অন্যতম সহজ ও গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম এই সড়ক। প্রতিদিন ২৪ ঘণ্টা শত শত মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা, পিকআপ, মালবাহী যানবাহনসহ বিভিন্ন ধরনের যান চলাচল করে। এছাড়া আশপাশের বিভিন্ন স্কুল, কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও নিয়মিত এই পথ ব্যবহার করে। এলাকাবাসীর দাবি, কালভার্টটির বর্তমান অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সময়মতো সংস্কার বা পুনর্নির্মাণের উদ্যোগ না নেওয়া হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে বর্ষা মৌসুমে অতিরিক্ত পানির চাপ ও মাটির ক্ষয়ের কারণে কালভার্টের অবশিষ্ট অংশও ধসে পড়ার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়লে সাধারণ মানুষ, রোগী পরিবহন, কৃষিপণ্য আনা-নেওয়া এবং শিক্ষার্থীদের যাতায়াতে মারাত্মক দুর্ভোগ সৃষ্টি হবে।স্থানীয় সচেতন মহল মনে করছে, এই সড়কটি শুধু একটি এলাকার নয়; রায়পুর ও হাইমচরের মানুষের সামাজিক, শিক্ষা, কৃষি ও অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই যোগাযোগ অবকাঠামো নিরাপদ রাখা অত্যন্ত জরুরি। উন্নত ও টেকসই সড়ক যোগাযোগ একটি অঞ্চলের সার্বিক উন্নয়নের অন্যতম পূর্বশর্ত। এ বিষয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ওয়ার্ড সদস্য, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে তারা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জরুরি ভিত্তিতে স্থানটি পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ কালভার্টটি সংস্কার অথবা প্রয়োজনে নতুন ও টেকসই কালভার্ট নির্মাণের দাবি জানিয়েছেন। স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হলে সম্ভাব্য দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে এবং রায়পুর-হাইমচর অঞ্চলের গুরুত্বপূর্ণ এই যোগাযোগ ব্যবস্থা নিরাপদ ও নির্বিঘ্ন থাকবে।

এই বিভাগের আরও খবর

Back to top button