

মোঃ আরিফুর রহমান মামুন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে বাংলাদেশ ডাকঘর কর্মচারী ইউনিয়ন, ডাকঘর কর্মচারী সমিতি ও কর্মচারী ঐক্য পরিষদ সম্মিলিত ভাবে কেন্দ্র ঘোষিত কর্মসূচি অংশ হিসেবে দুই দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছে। বুধবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১ আন্দোলন কারী কর্মচারীরা উপজেলার প্রধান ডাকঘরের সামনে তাদের দাবি আদায়ের লক্ষ্যে এক মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করে।মানববন্ধনে অংশগ্রহণ কারীদের মধ্য থেকে বক্তব্য রাখেন, আঙ্গারিয়া ডাকঘরের ইলিয়াছ হোসেন, জলিশা ডাকঘরের আরিফা সুলতানা, চরবয়ড়া ডাক ঘরের ফারজানা আক্তার, পাঙ্গাশিয়া ডাকঘরের জাফর হোসেন, চড়বয়ড়া ডাকঘরের নুরুল ইসলাম, শ্রীরামপুর ডাকঘরের রফিকুল ইসলাম টিটু, জলিশা ডাকঘরের আরিফা সুলতানা প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, চাকুরী জাতীয়করণ ও তিনগুন ভাতা বৃদ্ধির দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছি। ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে কাজ করে এখন আমরাই বৈষম্যের শিকার হচ্ছি। দেশের ১৬ হাজার কর্মকর্তা, কর্মচারী বিভাগীয় ভাবে যে কাজ করেন আমরা ২৩ হাজার ২১ জন কর্মচারীও অবিভাগীয় ভাবে একই কাজ করি।অথচ তাদের বেতন ৩০-৪০হাজার টাকা। সেখানে আমরা সম্মানি বাবদ পাচ্ছি মাত্র ৪হাজার৪শত ৬০টাকা। এত কম টাকা দিয়ে আমাদের ছেলেমেয়ে ও সংসারের ভরন পোষন খুব কষ্টকর।বক্তাগন বিভাগীয় সুযোগ সুবিধা প্রদানসহ জাতীয় করনের জন্য সরকারের কাছে দাবি জানান। উল্লেখ্য দুমকি উপজেলা ডাকঘর কর্মচারীগন গত ৬জুলাই থেকে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালনের ঘোষণা দেয়।










