

শহিদুল ইসলাম, প্রতিবেদক:
রাঙ্গামাটির নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে “সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প” এর আওতায় নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে একটি ফ্রি মেডিক্যাল ক্যাম্প, বিনামূল্যে ঔষধ বিতরণ এবং চক্ষু পরীক্ষা ও চিকিৎসা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ৬ জুলাই ২০২৬, সোমবার সকাল ১০ টা হইতে ২ ঘটিকা পর্যন্ত উক্ত কর্মসূচিতে রাঙ্গামাটি সিএমএইচ এর মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোহসেনা নাজবিন শিপা, নানিয়ারচর সেনা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মাকসুদুল হাসান এবং তাদের মেডিক্যাল টিম স্থানীয় জনগণকে চিকিৎসা সেবা প্রদান করেন। এ সময় মোট ৯২ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়। একই সঙ্গে নানিয়ারচর সেনা জোনের তত্ত্বাবধানে লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল, চট্টগ্রাম কর্তৃক বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়। এ কার্যক্রমের মাধ্যমে দুর্গম পার্বত্য অঞ্চলের অসহায় ও সুবিধাবঞ্চিত ১২৯ জন জনগণের জন্য বিশেষায়িত চক্ষু চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয়। সর্বমোট ২২১ জন ব্যক্তি বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, প্রয়োজনীয় ঔষধ এবং চক্ষু পরীক্ষা ও চিকিৎসা সেবা গ্রহণ করেন।এছাড়াও, নানিয়ারচর সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি উপস্থিত থেকে সেবাগ্রহীতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। তিনি বলেন, “দুর্গম পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে বাংলাদেশ সেনাবাহিনী এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে। বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি জনসাধারণের কল্যাণে বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।









