

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের চক্রতেশ্বর গ্রামে বসতবাড়িতে সেপটিক ট্যাংক স্থাপনকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। পরে দুই পক্ষই নন্দীগ্রাম থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।এজাহার সূত্রে জানা যায়, গত ২১ এপ্রিল ২০২৬ দুপুরে সেপটিক ট্যাংক স্থাপনকে কেন্দ্র করে দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধের জেরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠিসোটা দিয়ে হামলার অভিযোগ এনেছে।
প্রথম পক্ষের অভিযোগ, প্রতিপক্ষের লোকজন তাদের বাড়িতে প্রবেশ করে হামলা চালিয়ে বৃদ্ধ আজাহার আলী ও তার ছেলে জুয়েল হোসেনকে গুরুতর আহত করে। এ সময় পরিবারের আরও কয়েকজন সদস্য আহত হন। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গত ১ মে নন্দীগ্রাম থানায় একটি মামলা দায়ের করা হয়। অপরদিকে, দ্বিতীয় পক্ষের অভিযোগে বলা হয়েছে, প্রথম পক্ষের লোকজন তাদের শ্বশুরবাড়িতে প্রবেশ করে হামলা চালিয়ে গোলাম রব্বানী ও আর রশিদকে গুরুতর আহত করেন। আহতদের প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় গত ১৪ মে নন্দীগ্রাম থানায় পাল্টা মামলা দায়ের করা হয়।নন্দীগ্রাম থানা সূত্র জানায়, জমি ও সেপটিক ট্যাংক স্থাপনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অভিযোগ গ্রহণ করে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ঘটনার প্রকৃত সত্য উদঘাটন এবং দায়ীদের শনাক্ত করতে পুলিশ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত কার্যক্রম অব্যাহত।










