অভিযান

বালিয়াডাঙ্গীতে অবৈধ জালবিরোধী অভিযান: ২১টি জাল জব্দ, আগুনে ধ্বংস।

মোঃ নুরনবী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। শনিবার ভোররাতে উপজেলার বুনিয়াডাঙ্গী-কাশীপুর এলাকার তীরনই নদীর পানি নিয়ন্ত্রণ ব্রিজসংলগ্ন বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে নদী থেকে মাছের প্রজনন ও স্বাভাবিক বৃদ্ধি ব্যাহতকারী ২১টি অবৈধ জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের মধ্যে ছিল ১২টি রিং জাল, ৪টি ঘুপসি জাল এবং ৫টি কারেন্ট জাল। পরে উপজেলা পরিষদ চত্বরে জব্দকৃত জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়।অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা সমবায় কর্মকর্তা এবং মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অবৈধ কারেন্ট জাল ও অন্যান্য ক্ষতিকর জালের ব্যবহার মৎস্যসম্পদের জন্য মারাত্মক হুমকি। এসব জালের মাধ্যমে ছোট মাছ ও মাছের পোনা নির্বিচারে নিধন হওয়ায় নদী ও জলাশয়ের পরিবেশগত ভারসাম্য নষ্ট হয়। তাই মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়ন এবং দেশীয় মাছের প্রজনন নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে।উপজেলা প্রশাসন আরও জানায়, টেকসই মৎস্যসম্পদ ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ এবং নদীকেন্দ্রিক জীবিকার উন্নয়নের লক্ষ্যে ভবিষ্যতেও অবৈধ জালের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় জনগণকে সচেতন করে আইন মেনে মাছ আহরণের মাধ্যমে এলাকার অর্থনৈতিক উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানও জানানো হয়।

এই বিভাগের আরও খবর

Back to top button