

নাজমুল হাসান বিশেষ প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীতে আকস্মিক ঝড়ের কবলে পড়ে শ্রমিকবাহী একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে গেছে। এ ঘটনায় আঙ্গুরি খাতুন (৪৬) নামে এক নারী কৃষি শ্রমিক নিখোঁজ হয়েছেন। তবে নৌকার চালকসহ ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০টার দিকে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের বানিয়াজান ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ আঙ্গুরি খাতুন গোসাইবাড়ি ইউনিয়নের চুনিয়াপাড়া গুচ্ছ গ্রামের লাল মিয়ার স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো কয়েকজন নারী কৃষি শ্রমিক ইঞ্জিনচালিত নৌকায় করে উজান মিয়া খোলা চরে কাজের উদ্দেশ্যে রওনা হন। নৌকাটি যমুনা নদীর মাঝামাঝি পৌঁছালে হঠাৎ কালো মেঘে আকাশ ঢেকে যায় এবং প্রবল ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে উত্তাল ঢেউ ও ঘূর্ণাবর্তে পড়ে নৌকাটি ডুবে যায়।নৌকাডুবি থেকে জীবিত ফিরে আসা শ্রমিক বিলকিস খাতুন জানান, হঠাৎ ঝড় শুরু হলে চালক নৌকাটি তীরে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু প্রবল ঢেউয়ের আঘাতে মুহূর্তেই নৌকাটি ডুবে যায়। প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারী নৌকার চালক জুয়েস মিয়া জানান, দুর্ঘটনা দেখতে পেয়ে তিনি দ্রুত এগিয়ে গিয়ে ডুবে যাওয়া নৌকার চালকসহ ৮ নারী শ্রমিককে উদ্ধার করেন। পরে তাদের বরইতলী ঘাট এলাকায় তীরে আনা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম এবং ফায়ার সার্ভিসের সদস্যরা। ধুনট ফায়ার সার্ভিসের ইনচার্জ জহুরুল ইসলাম জানান, নিখোঁজ নারীকে উদ্ধারে প্রাথমিক অভিযান চালানো হলেও এখনো তার সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার অভিযানে সহায়তার জন্য রাজশাহী থেকে বিশেষ ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। ইউএনও আরিফ উল্লাহ নিজামী বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেওয়া হয়েছে এবং তাদের মাঝে তাৎক্ষণিক শুকনো খাবার বিতরণ করা হয়েছে। নিখোঁজ নারী শ্রমিককে উদ্ধারে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল কাজ করছে।










