অভিযান

হাইমচরে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ২ জন।

হাইমচর প্রতিনিধি:
চাঁদপুরের হাইমচর উপজেলায় মাদকবিরোধী পৃথক দুটি অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে হাইমচর থানা পুলিশ। বুধবার (৬ মে) উপজেলার রায়ের বাজার ও নয়ানী লক্ষ্মীপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এসময় উদ্ধার করা হয় ৫ পিস ইয়াবা ও ২৫ গ্রাম গাঁজা। পুলিশ সূত্রে জানা যায়, হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজমুল হাসানের নির্দেশনায় পিএসআই সৌরভ দাশের নেতৃত্বে পুলিশের একটি দল দক্ষিণ আলগী ইউনিয়নের রায়ের বাজার-টেককান্দি সড়কের পল্লী বিদ্যুৎ সমিতি-২ কার্যালয়ের সামনে অভিযান চালায়। অভিযানে ৫ পিস ইয়াবাসহ মোঃ জুম্মান আখন (২৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার কমলাপুর গ্রামের মৃত শাহজাহান আখনের ছেলে।অপরদিকে, এসআই মোঃ আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে নয়ানী লক্ষ্মীপুর এলাকার নয়ানী চৌরাস্তা সংলগ্ন কাজী গো মসজিদের সামনে অভিযান পরিচালনা করেন। এসময় আনোয়ার (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটক আনোয়ার চাঁদপুর সদর উপজেলার গুলিশা গ্রামের চান্দু গাজীর ছেলে বলে জানা গেছে। হাইমচর থানা পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৬/১০৯ ও ৭/১১০ এর আওতায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বুধবারই কঠোর পুলিশ প্রহরায় তাদের আদালতে পাঠানো হয়েছে।এ বিষয়ে হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। মাদক কারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।স্থানীয় সচেতন মহল বলছে,মাদক শুধু একজন ব্যক্তিকে নয়,ধ্বংস করে পুরো পরিবার ও সমাজব্যবস্থাকে। বিশেষ করে তরুণ সমাজ মাদকের ছোবলে বিপথগামী হয়ে পড়ছে, বাড়ছে অপরাধ ও সামাজিক অস্থিরতা। তাই নিয়মিত পুলিশের অভিযানের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে একযোগে সচেতনতা গড়ে তুলতে হবে।শুধু ছোটখাটো বিক্রেতা নয়, মাদকের গডফাদারদের আইনের আওতায় আনতে পারলেই সমাজ থেকে মাদকের বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

এই বিভাগের আরও খবর

Back to top button