

কামরুজ্জামান বাবু পোরশা প্রতিনিধি:
নওগাঁর পোরশা উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ২৮ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বুধবার বিকেলের দিকে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধীন নিতপুর বিওপির (বর্ডার আউট পোস্ট) সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। অভিযানটি পরিচালিত হয় সীমান্ত মেইন পিলার ২৩১ থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম রঘুনাথপুর টেকঠা জেলেপাড়া এলাকার একটি আমবাগানে। বিজিবি সূত্রে জানা গেছে, সন্দেহভাজন চোরাকারবারিরা সীমান্ত পেরিয়ে মাদকদ্রব্য নিয়ে এসে নির্দিষ্ট স্থানে রেখে যায়। পরে তা সংগ্রহ করার পরিকল্পনা ছিল। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ২৮ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নিতপুর বিওপির অধিনায়ক হাবিলদার আল-আমিন। বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ বিজিবি ব্যাটালিয়নের নিতপুর বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল জব্বার। তিনি জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। জব্দকৃত ফেনসিডিল পোরশা থানায় জমা দেওয়া হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।স্থানীয়রা জানান, সীমান্তবর্তী এলাকায় মাঝে মধ্যেই মাদক চোরাচালানের চেষ্টা করা হয়। তবে বিজিবির নিয়মিত টহল ও কঠোর নজরদারির কারণে অধিকাংশ ক্ষেত্রেই তা প্রতিহত হচ্ছে। উল্লেখ্য, সীমান্ত অঞ্চলে মাদকদ্রব্যের চোরাচালান রোধে বিজিবি সদস্যরা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। প্রশাসনের পাশাপাশি স্থানীয়দেরও সচেতন ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে, যাতে সীমান্ত এলাকা মাদকমুক্ত রাখা সম্ভব।










