নওগাঁ

পোরশার নিতপুর ইউনিয়নে মোস্তাফিজুর রহমানের পক্ষে বিএনপির গণসংযোগ।

কামরুজ্জামান বাবু নওগাঁ প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে ব্যাপক গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ-১ আসনের বিএনপির মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমানের পক্ষে এই গণসংযোগ পরিচালনা করা হয়। গণসংযোগ কর্মসূচিতে নেতৃত্ব দেন নিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নিতপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন আহমেদ, বিএনপি নেতা মোঃ সাকিল জাবেদ এবং মোঃ নাসির উদ্দিন সরকারসহ স্থানীয় নেতাকর্মীরা।গণসংযোগকালে নেতৃবৃন্দ নিতপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম, হাট-বাজার ও জনবহুল এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। তারা বিএনপির রাজনৈতিক অবস্থান, ভবিষ্যৎ পরিকল্পনা এবং দেশ ও জনগণের কল্যাণে দলের ঘোষিত কর্মসূচি সম্পর্কে ভোটারদের অবহিত করেন। এ সময় স্থানীয় জনগণের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যায় বলে দাবি করেন আয়োজকরা।
নিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণ পরিবর্তন চায়। বিএনপি জনগণের অধিকার ফিরিয়ে দিতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করছে। আসন্ন নির্বাচনে নওগাঁ-১ আসনে মোঃ মোস্তাফিজুর রহমানকে নির্বাচিত করতে আমরা ঘরে ঘরে যাচ্ছি। গণসংযোগ চলাকালে নেতাকর্মীরা ভোটারদের উদ্দেশ্যে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। একই সঙ্গে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার নির্দেশনা দেওয়া হয়।স্থানীয় বিএনপি নেতারা জানান, নির্বাচনের দিন যত এগিয়ে আসবে, ততই ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক আরও ধারাবাহিক গণসংযোগ ও মতবিনিময় সভার আয়োজন করা হবে। এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে দলের বার্তা পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য।

এই বিভাগের আরও খবর

Back to top button