ঝিনাইদাহ

ঝিনাইদহে ভ্যানচালক হত্যা মামলায় ৪ আসামিকে যাবজ্জীবন।

মোঃ রেজাউল করিম ঝিনাইদহঃ
ঝিনাইদহ সদরের হামোদহের বিলে ভ্যানচালক রবিউল ইসলাম হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার (২৩ জুন) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য্য এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, পার্শ্ববর্তী কেশবপুর গ্রামের মাজেদুল ওরফে মাজু, গোলাম রসুল, আজিজুল ও জাহিদুল। মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালের ১০ জানুয়ারি সদর উপজেলার বিষয়খালী গ্রামের ভ্যানচালক রবিউল ইসলামকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় স্থানীয় কয়েকজন ব্যক্তি। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া যায়নি। ওই বছরেরই এপ্রিল মাসের ৪ তারিখ অজ্ঞাত এক ব্যক্তি প্রতিবেশীর মাধ্যমে নিহতের ভাইকে মোবাইলে জানায় যে তোমার ভাইকে যারা ডেকে নিয়ে গিয়েছিল তারা ওকে মেরে ফেলেছে এবং হামোদহের বিলের মাটিতে পুঁতে রেখেছে। ওইদিনই পুলিশের সহযোগিতায় বিলের ঘাট থেকে মাটি খুঁড়ে রবিউল ইসলামের মরদেহ উদ্ধার করে। পরে সেই রাতেই নিহতের পরিবারের পক্ষ থেকে সদর থানায় ১৪ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়। সেই মামলায় পুলিশ ওই বছরের নভেম্বর মাসের ২৫ তারিখ চূড়ান্ত অভিযোগপত্র আদালতে দাখিল করে। মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত ৪ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং বাকিদের খালাস প্রদান করেন।

Back to top button