ডেক্স রিপোর্টঃ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১ নং উত্তর চর আবাবিল ইউনিয়নের হায়দারগঞ্জ বাজারকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশে গড়ে তোলার লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে হায়দারগঞ্জ উপশহর উন্নয়ন ফোরাম। ক্লিন হায়দারগঞ্জ’ বাস্তবায়নের প্রত্যয়ে সোমবার (২ নভেম্বর) সকাল ৯টায় বাজারের বিভিন্ন গলি ও গুরুত্বপূর্ণ স্থানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরুতে বক্তব্য দেন হায়দারগঞ্জ উপশহর উন্নয়ন ফোরামের সভাপতি মো. কাউছার আহমেদ। এ সময় হায়দারগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন হারুনুর, মাহবুবুল কবির সুমন, মোহাম্মদ গাজী, দুলাল হোসেন রাজুসহ সংগঠনের উপদেষ্টা, সদস্য ও স্বেচ্ছাসেবকেরা উপস্থিত ছিলেন। এ ছাড়া দৈনিক সময়ের দিনকালের সম্পাদক সাংবাদিক এস এম পারভেজ, সাংবাদিক আমিনুল ইসলাম সিয়াম ও একরাম হোসেন, স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন পেশাজীবী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা কর্মসূচিতে অংশ নেন। পরিচ্ছন্নতা অভিযানে চর আবাবিল রসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়, হায়দারগঞ্জ মডেল কলেজ, জোনাকি কিন্ডারগার্টেন ও আবাবিল ন্যাশনাল আইডিয়াল স্কুলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে।বাজারের বিভিন্ন গলি ও চলাচলের পথ পরিষ্কার করার পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়। আয়োজকেরা জানান, একটি পরিচ্ছন্ন ও পরিকল্পিত উপশহর গড়ে তুলতে শুধু এক দিনের পরিচ্ছন্নতা অভিযান যথেষ্ট নয়। এ জন্য প্রয়োজন নিয়মিত বর্জ্য অপসারণ, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার অভ্যাস, যত্রতত্র ময়লা না ফেলা এবং ব্যবসায়ী ও সাধারণ মানুষের সম্মিলিত সচেতনতা। এসব বিষয়ে জনসাধারণকে সম্পৃক্ত করে হায়দারগঞ্জ বাজারকে পরিচ্ছন্ন রাখাই ‘ক্লিন হায়দারগঞ্জ’ উদ্যোগের অন্যতম লক্ষ্য। তাঁরা আরও বলেন, এলাকার উন্নয়ন শুধু রাস্তাঘাট ও অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; পরিচ্ছন্ন পরিবেশ, জনস্বাস্থ্য, সামাজিক সচেতনতা এবং নাগরিক দায়িত্ববোধও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ।তরুণ সমাজকে স্বেচ্ছাসেবামূলক কাজে সম্পৃক্ত করার মাধ্যমে পরিচ্ছন্ন ও বাসযোগ্য হায়দারগঞ্জ গড়ে তোলা সম্ভব। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মতে, এ ধরনের উদ্যোগ নিয়মিত পরিচালিত হলে বাজারের পরিবেশ আরও সুন্দর হবে, কমবে যত্রতত্র ময়লা ফেলার প্রবণতা এবং জনসাধারণের মধ্যে পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা বাড়বে।হায়দারগঞ্জ উপশহর উন্নয়ন ফোরামের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টরা পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি বাজারের সার্বিক উন্নয়নে প্রশাসন, ব্যবসায়ী, শিক্ষার্থী ও স্থানীয় জনগণের সমন্বিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]