নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে ফুটপাত দখলমুক্তকরণ কার্যক্রমে উচ্ছেদ হওয়া ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুনর্বাসনের লক্ষ্যে সাহেব বাজার এলাকার সিটি কর্পোরেশনের বিভিন্ন মার্কেট পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন।
আজ রবিবার (২৫ অক্টোবর) বেলা ১১টায় তিনি সাহেব বাজারস্থ সিটি কর্পোরেশন মার্কেটের কাঁচাবাজার, মাছপট্টি, মাংসপট্টি, কসাইখানা এবং উক্ত মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত বিভিন্ন পরিত্যক্ত দোকান ও স্থান ঘুরে দেখেন।
পরিদর্শনকালে ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুনর্বাসনের জন্য দ্রুত একটি উপযুক্ত স্থান নির্ধারণের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন রাসিক প্রশাসক। এ সময় তিনি মার্কেটের অব্যবহৃত ও পরিত্যক্ত স্থানগুলোকে যথাযথভাবে কাজে লাগিয়ে হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
পাশাপাশি সাহেব বাজারের কাঁচাবাজার, মাছপট্টি ও মাংসপট্টিসহ সংশ্লিষ্ট মার্কেটের সার্বিক স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণ এবং মার্কেটগুলো নতুনভাবে আধুনিক উপায়ে নির্মাণের বিভিন্ন ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানান রাসিক প্রশাসক। পরিদর্শনের শেষ পর্যায়ে তিনি এই লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট বিভাগ ও কর্মকর্তাদের দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]