হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামে প্রেমিকের বাড়ির সামনে বিয়ের দাবিতে অবস্থান নিয়েছেন কুলসুম নামে এক তরুণী। শনিবার থেকে তিনি শামীম নামে এক যুবকের বাড়ির সামনে অবস্থান করছেন বলে জানা গেছে।
কুলসুমের বাড়ি বালিয়াডাঙ্গী উপজেলায়। তার ভাষ্য, ঢাকার জিরানী এলাকায় চাকরি করার সময় মন্ডলপাড়ার শামীমের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়।
কুলসুমের দাবি, সম্পর্কের পর তারা প্রায় দুই বছর ঢাকায় একসঙ্গে বসবাস করেছেন। ওই সময় তারা স্বামী-স্ত্রীর মতো ছিলেন বলেও দাবি করেন তিনি। পরে বিয়ের বিষয়ে শামীমের সঙ্গে কথা বললে তিনি নানা কারণে বিষয়টি এড়িয়ে যেতে থাকেন।
কুলসুম আরও বলেন, বিয়ের জন্য চাপ দেওয়ার পর শামীম ঢাকার বাসা ছেড়ে রাণীশংকৈলের নিজ বাড়িতে চলে আসেন। সম্প্রতি তিনি অন্যত্র বিয়ে করতে যাচ্ছেন—এমন খবর পেয়ে ঢাকা থেকে মন্ডলপাড়ায় এসে শামীমের বাড়ির সামনে অবস্থান নেন কুলসুম।
তার এমন অবস্থানের খবর ছড়িয়ে পড়লে এলাকায় বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। স্থানীয়রাও ঘটনাটি নিয়ে নানা মন্তব্য করছেন।
এ বিষয়ে শামীম কিংবা তার পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে অভিযোগের বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]