হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন মনোনয়নপত্র দাখিল করেছেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা নির্বাচন কার্যালয়ে গিয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন দাখিল শেষে মির্জা ফয়সল আমীন বলেন, ঠাকুরগাঁও-১ আসনকে ঘিরে তাঁর স্বপ্ন রয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে চান তিনি। এ জন্য দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন।
মির্জা ফয়সল আমীন জেলা বিএনপির সভাপতি এবং রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর আসনটি শূন্য হয়। সেই শূন্য আসনে আগামী ২৯ অক্টোবর উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এর আগে শনিবার ১১ দলীয় ঐক্য সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী মো. দেলাওয়ার হোসেন মনোনয়নপত্র জমা দেন। ফলে মনোনয়ন দাখিলের শেষ দিনে দুই প্রার্থীর মনোনয়ন জমার বিষয়টি সামনে এসেছে। তবে যাচাই-বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের পর চূড়ান্ত প্রার্থী তালিকা নির্ধারিত হবে।
সদর, রুহিয়া ও ভূল্লী নিয়ে গঠিত এ আসনে ভোটার সংখ্যা ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। নির্বাচন সামনে রেখে প্রয়োজনীয় প্রস্তুতি এগিয়ে নিচ্ছে জেলা নির্বাচন কার্যালয়।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]